স্টাফ রিপোর্টার ॥ শেরপুর সদর উপজেলার চায়রা বিলে বেদখল হওয়া ৫০ একর সরকারি জমি উদ্ধার করেছে জেলা প্রশাসন। ১৪ জুলাই মঙ্গলবার শেরপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফারুক আল মাসুদের নেতৃত্বে ওই জমি দখলমুক্ত করা হয়। পরে উদ্ধারকৃত ভূমিতে অবৈধ অনুপ্রবেশ এবং মাছ ধরা নিষিদ্ধ লেখাসম্বলিত সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয়। ওইসময় কামারিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল বারী চান, কামারিয়া ইউনিয়নের উপ-সহকারী ভূমি কর্মকর্তা হরমুজ আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জানা যায়, শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের চায়রা বিলের সরকারি ৫০ একর জমি দীর্ঘদিন যাবত বেদখলে ছিল। পরে জেলা প্রশাসক আনার কলি মাহবুবের নির্দেশে মঙ্গলবার ওই জমি দখলমুক্ত করে সরকারি অধিকারে নেয়া হয়। উদ্ধারকৃত জমি পরবর্তীতে সরকারীভাবে ইজারা দেওয়া হবে বলে জেলা প্রশাসনের ফেসবুক পেইজে জানানো হয়েছে। জনস্বার্থে অবৈধ দখল উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।।
























