নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে ভোগাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে শ্যালো ইঞ্জিনচালিত ১০টি মিনি ড্রেজার মেশিন আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। সেইসাথে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১০ জুলাই শুক্রবার বিকেলে উপজেলার নাকুগাঁও স্থলবন্দরের চারআলী ব্রিজ এলাকায় ওই অভিযান পরিচালনা করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাস। অভিযানকালে বিজিবি সদস্যসহ আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, সরকারি সম্পত্তি ক্ষতি সাধন করে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।























