ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে এক স্কুলছাত্রী (১৪)। ২৯ জুন সোমবার বিকালে উপজেলার ফাকরাবাদ গ্রামে ঘটনাটি ঘটে। ওই স্কুল ছাত্রী ফাকরাবাদ একতা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে অধ্যয়নরত।

জানা যায়, ওই স্কুলছাত্রীর পিতা সোমবার তার বিয়ের দিন নির্ধারণ করেন। সে অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিকতাও চলছিল পুরোদমে। কিন্তু বর আসার পূর্বেই খবর পেয়ে ঝিনাইগাতীর সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন ওই বাড়িতে উপস্থিত হন। পরে ওই স্কুলছাত্রীর জন্মনিবন্ধন পরীক্ষা করে বাল্যবিয়ের বিষয়টি নিশ্চিত হয়ে তিনি বিয়েটি বন্ধ করে দেন। এছাড়া বাল্যবিয়ের আয়োজন করায় মেয়ের অভিভাবকের কাছ থেকে মুচলেকা নেয়ার পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীনের সাথে সহযোগিতায় ছিলেন থানার এসআই সাইদুল ইসলাম।























