জাহাঙ্গীর হোসেন, নকলা (শেরপুর) : করোনা সংক্রমণ ঠেকাতে শেরপুরের নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় গেটে জীবাণুনাশক স্প্রে কক্ষের উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ২ জুন মঙ্গলবার সন্ধ্যায় ওই কক্ষের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান। উদ্বোধনকালে উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, উপজেলা প্রকৌশলী আরেফিন সিদ্দিক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক লুৎফর রহমান ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

উদ্বোধনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান উপস্থিত সাংবাদিকদের জানান, প্রতিদিন শতশত মানুষ সরকারি সেবা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের বিভিন্ন দপ্তরে আসেন। তাদের মাধ্যমে যেন করোনা ছড়িয়ে পড়তে না পারে তার জন্যই এ ব্যবস্থা। তিনি আরও বলেন, বাহির থেকে কেউ কক্ষের ভেতরে ঢোকামাত্র স্বয়ংক্রিয়ভাবে জীবাণুনাশক পানি স্প্রে হয়ে শরীরকে জীবানু মুক্ত করে দেবে। এতে করে করোনা সংক্রমণের ঝুঁকি কমবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।























