শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীর বালিজুরি রেঞ্জের মালাকোচা বিটের উডলট বাগানের গাছ চুরি বাঁধা দেয়ায় বৃক্ষচোরদের হামলায় এক মুক্তিযোদ্ধাসহ তার কলেজপড়–য়া মেয়ে গুরুতর আহত হয়েছে। ১ জুন সোমবার সকালে উপজেলার সীমান্তবর্তী এলাকা মালাকোচা গ্রামে ওই ঘটনা ঘটে। হামলায় আহত মুক্তিযোদ্ধা জমশেদ আলী ও তার মেয়ে শামছুন্নাহারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ওই ঘটনায় থানায় মামলা হলে মঙ্গলবার ভোরে পুলিশ অভিযান চালিয়ে মালাকোচা গ্রাম থেকে ওই মামলার প্রধান আসামি ও একই গ্রামের বাসিন্দা খোরশেদ আলমের ছেলে সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে।

এলাকাবাসী ও আহত মুক্তিযোদ্ধা জমশেদ আলীর জামাতা মাহমুদুল হাসান সেলিম জানান, তিনি মালাকোচা বিটের ২০০৩ সনের একটি উডলট বাগানের অংশীদার ও গ্রুপ লিডার। সম্প্রতি প্রায়ই ওই বাগান থেকে বৃক্ষ চুরির ঘটনা ঘটছে। বিষয়টি নিয়ে তিনি স্থানীয় অংশীদারদের জানালে তারা রাতে বাগানের পাহারা দেয়ার ব্যবস্থা করেন। এরপরও বাগানের বৃক্ষ চুরির ঘটনা ঘটে। গত ৩০ মে রাতে বৃক্ষচোরের দল বাগানের কয়েকটি একাশি জাতের বৃক্ষ কেটে নিয়ে যাওয়ার সময় তারা বাঁধা দেয়। পরে তিনি বিষয়টি মালাকোচা বিটের ভারপ্রাপ্ত বিট অফিসার রবিউল ইসলামকে জানান।
বৃক্ষ চুরির সত্যতা নিশ্চিত করে মালাকোচা বিটের ভারপ্রাপ্ত বিট কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে বৃক্ষচোরদের ব্যাপারে তদন্ত করে বন আইনে মামলা দেয়া হবে।
বৃক্ষ চুরি বাঁধা দেয়ার আক্রোশে গত ১ জুন সোমবার মালাকোচা গ্রামের সাইফুল ইসলাম, ইয়াকুব আলী ও খোরশেদ আলমসহ ১০/১২ জন সোমবার সকালে বীরমুক্তিযোদ্ধা জমশেদ আলীর বাড়িতে গিয়ে তার ওপর হামলা করে। এ সময় বাবাকে রক্ষা করতে গেলে মেয়ে শামছুন্নাহারসহ বাবা মেয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে ভর্তি করেন। এ ব্যাপারে মুক্তিযোদ্ধা জমশেদ আলী বাদী হয়ে রাতেই থানায় মামলা দায়ের করেন। পুলিশ মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে ওই মামলার প্রধান আসামী সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, ওই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।























