স্টাফ রিপোর্টার ॥ শেরপুর সদর উপজেলার সূর্যদী গ্রামের শহীদ পরিবার, যুদ্ধাহত পরিবার ও তাদের আত্মীয়-স্বজনদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ২৩ মে শনিবার দুপুরে জেলা প্রশাসক আনার কলি মাহবুবের নিজস্ব অর্থায়নে ৫০টি পরিবারের মাঝে ওই ঈদ উপহার তুলে দেওয়া হয়। তাদের বাড়ি গিয়ে ঈদ উপহার তুলে দেন এনডিসি মিজানুর রহমান। ওইসময় জেলা আওয়ামী লীগের সদস্য আবুল হাসেমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ওই ঈদ উপহার পেয়ে শহীদ পরিবারের স্বজনরা জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ বিষয়ে এনডিসি মিজানুর রহমান শ্যামলবাংলা২৪ডটকমকে জানান, শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুবের নিজস্ব ব্যবস্থাপনায় ৫০টি পরিবারকে ঈদ উপহার দেওয়া হয়েছে। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে সূর্যদীর ওই শহীদ পরিবারগুলোকে সার্বিক সহযোগিতা করা হবে বলেও আশ্বস্ত করেছেন তিনি।
উল্লেখ্য, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের ওইদিনে পাকহানাদার বাহিনীর সদস্যরা স্থানীয় রাজাকারদের সহযোগিতায় একজন মুক্তিযোদ্ধাসহ সূর্যদী গ্রামের নিরীহ ৩৯ জন মানুষকে গুলি করে হত্যা করে। পরে ওই গ্রামের ২ শতাধিক ঘরবাড়ি জ্বালিয়ে দেয় হানাদাররা। একাত্তরের সেই স্মৃতি আজও তাড়া করে ফেরে এলাকাবাসীকে।
























