স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে ৩ হাজার অসহায় ও হতদরিদ্র পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারসামগ্রী পৌঁছে দিয়েছেন সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। তিনি প্রথম পর্যায়ে ২শ পরিবারকে ১০ কেজি করে চাল, দ্বিতীয় পর্যায়ে ১ হাজার ৬শ পরিবারকে ১০ কেজি করে চাল ও তৃতীয় পর্যায়ে ১ হাজার ২শ পরিবারকে ঈদ উপহার হিসেবে মিনিকেট চাল, ডাল, সয়াবিন তেল, সেমাই, চিনি, সাবান দিয়েছেন।

উপহার সামগ্রী বিতরণকালে তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে চললে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চললে আমরা করোনা যুদ্ধে জয়ী হতে পারবো। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যেকোন সহযোগিতা এবং উপহারসামগ্রী আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার জন্য বদ্ধপরিকর। তিনি আরও বলেন, মহান জাতীয় সংসদের হুইপ, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি ও আমিসহ জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর নির্দেশে আপনাদের পাশে আছি এবং থাকবো। আমরা অচিরেই এই আধাঁর কেটে আলো আসবেই। সেইসাথে তিনি শেরপুর সদর উপজেলা পরিষদ ও সদর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শেরপুরবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।
























