স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে শেরপুরে দুঃস্থ ও অসহায় ফুটবল খেলোয়াড়দের পাশে দাঁড়িয়েছেন জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত। তিনি ১২ মে মঙ্গলবার দুপুরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মিলনায়তনে তার ব্যক্তিগত অর্থায়নে ৩০ জন ফুটবলারের মাঝে ১ হাজার টাকা করে আর্থিক সহায়তা তুলে দেন। এর মধ্যে ৭ জন নারী ফুটবলার ও ২৩ জন পুরুষ ফুটবলার রয়েছেন। ওইসময় মানিক দত্ত বলেন, করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে অন্যান্যদের মতো শেরপুরের দরিদ্র ফুটবলাররাও অসহায় হয়ে পড়েছেন। এজন্য তিনি ও তার স্ত্রী আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে পরিবার পরিজনের জন্য ঈদের কেনাকাটা না করার সিদ্ধান্ত নিয়ে সেই টাকা জেলার দুঃস্থ-অসহায় ফুটবল খেলোয়াড়দের মাঝে বিতরণ করলেন।

বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, শেরপুর প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাংবাদিক হাকিম বাবুল প্রমুখ। ওইসময় অন্যান্যের মধ্যে জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ জিন্নত আলী, সদস্য জাকির হোসেন বাবুল, সৈয়দ বদরুল হক রেজভী, আলহাজ্ব মাহাবুর রানা, মোস্তফা কামাল মস্তু, সাধারণ সদস্য সালাউদ্দিন ভুট্টোসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

























