স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে শেরপুরে ব্যবসায়ীদের আগ্রহে ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট খোলার ২৪ ঘন্টার মধ্যেই আবার বন্ধের সিদ্ধান্ত নিতে হয়েছে জেলার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির। ১১ মে সোমবার বিকেলে চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব আসাদুজ্জামান রওশন ওই তথ্য নিশ্চিত করেছেন। আর ওই সিদ্ধান্তের কারণে ১২ মে মঙ্গলবার থেকে ফের বন্ধ থাকবে ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট। এদিকে চেম্বার অব কমার্সের ওই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন শেরপুরের নাগরিক সমাজসহ সচেতন মহল।
জানা যায়, করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে মানুষের দুর্ভোগের কথা বিবেচনায় শর্তসাপেক্ষে সারাদেশে ১০ মে রবিবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট খোলার রাখার নির্দেশনা দেয় সরকার। সে অনুযায়ী শেরপুরে চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির নির্দেশনায় অধিভুক্ত প্রতিষ্ঠান সংগঠনসমূহের দায়িত্বে রবিবার সকাল থেকে কাঁচাবাজারসহ নিত্যপ্রয়োজনীয় ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি বস্ত্র, গার্মেন্টসসহ সকল ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট খোলা রাখলে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব উপেক্ষা করে ওইসব প্রতিষ্ঠানে হুমড়ি খেয়ে পড়ে ক্রেতাসাধারণ। সোমবার সকাল থেকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ওই ভিড়ের মাত্রা আরও বেড়ে যায়। এতে চলমান পরিস্থিেিত জনস্বাস্থ্য হুমকির সম্মুখীন হয়ে পড়ায় সচেতন মহলে শুরু হয় সমালোচনা। এ প্রেক্ষিতে পুনরায় ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় চেম্বার অব কমার্স।

এ বিষয়ে চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান রওশন জানান, ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাটে সরকারের নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব না হওয়ায় মানুষের জীবন বাঁচানোর স্বার্থে সোমবার বিকেলে চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির পরিচালকম-লীসহ অধিভুক্ত অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের এক বর্ধিত সভায় পুনরায় নির্দেশ না দেওয়া পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাটগুলো বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তবে সরকারের নির্দেশনা মোতাবেক কাঁচাবাজার, ঔষধ, কৃষি যন্ত্রপাতি ও মুদি দোকান খোলা থাকবে।
























