স্টাফ রিপোর্টার ॥ করোনা পরিস্থিতির কারণে শেরপুরে এবার দুঃস্থ আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ৩০ এপ্রিল বৃহস্পতিবার সকালে শহরের নবীনগরস্থ আনসার ও ভিডিপি ব্যারাক মাঠে ওইসব খাদ্য সামগ্রী বিতরণ উদ্বোধন করেন ১২-আনসার ব্যাটেলিয়ানের পরিচালক ও অতিরিক্ত জেলা কমান্ডেন্ট শাহাদৎ হোসেন। ওইসময় অন্যান্যের মধ্যে সহকারী জেলা কামান্ডেন্ট এসএম শরিফুল আলম, সার্কেল এ্যাডজুট্যান্ট রনি সরকার, মনিরুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। ওইসব খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পিয়াজ, ডাল ১ কেজি, ১ লিটার তেল, একটি মাস্ক ও একটি করে সাবান।
এ বিষয়ে ব্যাটেলিয়ান পরিচালক জানান, সারাদেশের এক লক্ষ ৪৭ হাজার ৫শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের অংশ হিসেবে শেরপুর জেলায় ১ হাজার ৫ শত দুঃস্থ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদস্যকে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। এরই অংশ হিসেবে আজ শেরপুর সদর উপজেলায় ৩ শত জনকে ওইসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। একইভাবে অন্যান্য উপজেলাতে পর্যায়ক্রমে ওই খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।
























