স্টাফ রিপোর্টার ॥ করোনা পরিস্থিতিতে শেরপুরে কর্মহীন হয়ে পড়া অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। এরই ধারাবহিকতায় ২৯ এপ্রিল বুধবার পর্যন্ত জেলা প্রশাসক আনার কলি মাহবুবের নির্দেশনায় জেলায় মোট ৭৭ হাজার ৫শ ৪৪টি পরিবারের মাঝে ৫শ ৯৭ মেট্রিক টন খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। এছাড়া মোট ৩১ লক্ষ ২২ হাজার ৭শ ২০ টাকা মূল্যের অন্যান্য খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী (ডাল, আলু, সবজি, লবণ,তেল, সাবান) এবং ১ হাজার ৯শ ৭৭টি পরিবারের মধ্যে ৪ লক্ষ ৪০ হাজার ৮শ ৮০ টাকা মূল্যের শিশু খাদ্য বিতরণ করা হয়েছে।

এ ব্যাপারে শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন বলেন, বুধবার পর্যন্ত বিতরণকৃত উপহার সামগ্রীর মধ্যে শেরপুর সদর উপজেলায় ১৯ হাজার ১শ ৫৭টি পরিবারকে ১শ ৪৪ মেট্রিক টন চাল, নকলা উপজেলায় ১৫ হাজার ২শ পরিবারকে ১শ ২৭ মেট্রিক টন চাল, নালিতাবাড়ী উপজেলায় ১৫ হাজার ২শ ৮৭ পরিবারকে ১শ ৩৩ মেট্রিক টন চাল, শ্রীবরদী উপজেলায় ১৪ হাজার ৭শ পরিবারকে ১শ ২ মেট্রিক টন চাল ও ঝিনাইগাতী উপজেলায় ১৩ হাজার ২শ পরিবারকে ৯১ মেট্রিক টন চাল দেওয়া হয়েছে। জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে ওইসব খাদ্য সহায়তা প্রতিদিন অসহায় মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে। এ সহায়তা চলমান থাকবে।
এদিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নমিতা দে বলেন, করোনা হতে সৃষ্ট দুর্যোগে জেলার সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আনার কলি মাহবুবের নির্দেশনায় নিয়মিত অভিযান পরিচালনা করছেন জেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগণসহ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ। এছাড়া নিয়মিত টহল দিচ্ছেন জেলা পুলিশ ও সেনাবাহিনী। তারই ধারাবাহিকতায় বুধবার করোনা প্রতিরোধে হোম কোয়ারেনটাইন নিশ্চিত করতে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এবং বাজারের সঠিক ব্যবস্থাপনায় জেলাব্যাপী ৪৫টি অভিযান পরিচালনা করা হয়েছে। করোনা প্রতিরোধে জনস্বার্থে ওই অভিযান অব্যাহত থাকবে।
























