স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাস পরিস্থিতিতে শেরপুরে লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসহায় ও হতদরিদ্রদের পাশে থেকে ব্যস্ত সময় পাড় করছেন পৌরসভার সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র, শহর কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক কাজী মতিউর রহমান মতি। তিনি পৌরসভার ৫ নং ওয়ার্ডে থাকা অসহায় মানুষের বাড়ি বাড়ি ছুটে চলছেন। রাত-দিন তাদের খাদ্য সহায়তাসহ নানা সেবায় পাশে থাকছেন। নিজের আর্থিক সহায়তায় কখনও নিজ হাতে নিয়ে, কখনও রিক্সা বা ভ্যানে নিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন অসহায়দের মাঝে। এদিকে তার ওই সেবামূলক কর্মকান্ডে এলাকাবাসীসহ সচেতন মহলও সন্তোষ প্রকাশ করেছেন।


৩০ এপ্রিল বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, একজন ব্যস্ত ও কর্মপাগল মানুষ হিসেবে খরমপুর ও ঋষিপাড়ায় হতদরিদ্র মানুষের সহায়তায় কাজ করছেন সবার পরিচিত কাজী মতিউর রহমান মতি।
খোঁজ নিয়ে জানা যায়, সাবেক ছাত্রনেতা মতি নিজ ওয়ার্ড থেকে টানা ৪ দফায় পৌরসভার কাউন্সিলর নির্বাচিত হন। একাধিক দফায় ছিলেন প্যানেল মেয়র। খন্ডকালিন সময়ে দায়িত্বপালন করেছেন ভারপ্রাপ্ত মেয়রের। গত নির্বাচনে নানা মেরুকরণে তার বিজয় হাত ছাড়া হলেও হাল ছাড়েননি এলাকার। যেখানেই সেবা ও জনহিতকর কাজ সেখানেই তার অবস্থান। যেন এলাকার অতি আনপজন এক। ওই অবস্থায় করোনা ভাইরাসের সংক্রমণের প্রাথমিক পর্যায় থেকেই জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ কমিউনিটি পুলিশের নানা সচেতনতামূলক কর্মকান্ডের পাশাপাশি কাজী মতিউর রহমান মতি নিজ এলাকা শহরের ৫ নং ওয়ার্ডের খরমপুর, বারইপাড়া, ঋষিপাড়া, চাপাতলীসহ প্রতিটি মহল্লায় নিজ উদ্যোগে শুরু করেন সচেতনতামূলক নানা কর্মকান্ড। তারই আওতায় তিনি হতদরিদ্র ও অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে মাস্ক ও সাবান বিতরণ করেন। সেই সাথে নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়াসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করেন। কিন্তু পরিস্থিতি দীর্ঘায়িত হওয়ায় হতদরিদ্র মানুষের দূর্ভোগ বেড়ে যাওয়ার সাথে সাথে তিনি প্রায় এক মাস যাবত পর্যায়ক্রমে ওইসব মানুষের বাড়ি বাড়ি গিয়ে নিজ অর্থায়নে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন। নানাভাবে তাদের পাশে থাকছেন।
























