স্টাফ রিপোর্টার : শেরপুরের ঝিনাইগাতীতে করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া অসহায়দের খাদ্য সহায়তায় এবার নজিম উদ্দিন নামে এক ভিক্ষুক ভিক্ষা করে নিজের জমানো ১০ হাজার টাকা দান করে মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি ২১ এপ্রিল মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদের হাতে স্থানীয় মালিঝিকান্দা এলাকায় ওই দানের টাকা তুলে দেন। তিনি উপজেলার কাংশা ইউনিয়নের গান্ধীগাঁও গ্রামের মৃত ইয়ার উদ্দিনের ছেলে। ৩ ছেলে ও ৩ মেয়ের জনক হলেও দীর্ঘদিন যাবত ভিক্ষে করেই কষ্টে স্ত্রীকে নিয়ে সংসার চালান তিনি। থাকেন টিনের এক ছাপড়া ঘরে। এদিকে ভিক্ষুকের ওই মানবতার দৃষ্টান্তে এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।

জানা যায়, করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে সরকারি সহায়তার পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ ব্যক্তিগত উদ্যোগে বন্ধুবান্ধবদের সহযোগিতায় ব্যাংকে একটি একাউন্ট খুলে ত্রাণ তহবিল গঠন করেন। ওই ত্রাণ তহবিলে জমা হয় প্রায় ৫ লক্ষাধিক টাকা। আর ওই তহবিলের মাধ্যমে উপজেলার প্রত্যন্ত অঞ্চলে প্রায় ১২শ কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা তুলে দেওয়া হয়। ওই অবস্থায় রবিবার সকালে দায়িত্বপ্রাপ্ত লোকজন তালিকা প্রণয়নে গান্ধীগাও এলাকার হতদরিদ্র লোকজনসহ ওই ভিক্ষুকের নাম অর্ন্তভূক্ত করতে জাতীয় পরিচয়পত্রের কপি চাইলে তিনি ওই তালিকায় নিজের নাম না দিতে অনুরোধ করেন। সেইসাথে খাদ্য সহায়তায় ওই ত্রাণ তহবিলে নিজের ঘর মেরামতের উদ্দেশ্যে দুই বছর ধরে তিল তিল করে জমানো ১০ হাজার টাকা দান করার কথা জানান এবং মঙ্গলবার দুপুরে করোনা পরিস্থিতিতে ব্যস্ত ইউএনওকে খুঁজে মালিঝিকান্দা এলাকায় গিয়ে তার হাতে ওই টাকা তুলে দেন।
নিজের জমানো ভিক্ষের টাকা খাদ্য সহায়তা তহবিলে দান করা প্রসঙ্গে ভিক্ষুক নজিম উদ্দিন বলেন, ‘আমি ভিক্ষা করে খাইয়ে-খরচ করে দুই বছরে ওই টেহা জমাইছি, আমার ঘরডা ভাইঙ্গা গেছেগা ওইডা ঠিক করার লাইগা। এহন আর ঘর-দরজা দিলাম না, দশে (মানুষ) এহন কষ্ট করতাছে। তাই আমি এই টেহা ইউএনও সাহেবের হাতে দিলাম দশেরে দিয়ে দেক, খাইয়ে বাঁচুক। আর আল্লাহ আমগো সবাইরে বিপদ থেইকা রক্ষা করুক’।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ বলেন, আসলে সহযোগিতার জন্য সর্বাগ্রে প্রয়োজন মানসিকতা। আজকে একজন ভিক্ষুক, যিনি ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন, তিনি ভিক্ষাবৃত্তি করে তিলে তিলে জমানো ১০ হাজার টাকা আমাদের ত্রাণ তহবিলে দিয়েছেন। এ জন্য নজিম উদ্দিনকে ধন্যবাদ জানিয়ে বলেন, এটা মহানুভবতার প্রকৃষ্ট উদাহরণ। এ উদাহরণের মাধ্যমে সমাজের যারা বিত্তশালী আছেন, তারাও যেন এ মহা দুর্যোগের সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ান।

























