ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে দরিদ্র ও অসহায়দের মাঝে বিতরণের জিআর চাল ও খালি বস্তাসহ মিনারা বেগম (৪০) নামে এক মহিলা ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। ২১ এপ্রিল মঙ্গলবার দুপুরে উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের বাতিয়াগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। মিনারা বেগম মালিঝিকান্দা ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য ও স্থানীয় গোলাম মোস্তফার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে মালিঝিকান্দা ইউনিয়ন পরিষদের অনুকূলে আড়াই মেট্রিক টন জিআর চাল বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দকৃত চাল থেকে ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম তোতা সংরক্ষিত নারী সদস্য মিনারা বেগমকে দুস্থদের মধ্যে বিতরণের জন্য ৫ কেজি ওজনের ৩২টি বস্তায় ১৬০ কেজি চাল প্রদান করেন। কিন্তু ওইসব চাল বিতরণ না করে তিনি আত্মসাতের উদ্দেশে তার বাতিয়াগাঁও গ্রামের বাড়িতে রেখে দেন। বিষয়টি জানতে পেরে মঙ্গলবার দুপুরে স্থানীয় হতদরিদ্র লোকজন মিনারার বাড়িতে গিয়ে বিক্ষোভ প্রদর্শনসহ তাদের মাঝে চাল প্রদানের দাবি জানান। ওই অবস্থায় খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ ঘটনাস্থলে যান এবং মিনারার বাড়ি থেকে ৫ বস্তায় ২৫ কেজি চাল ও ২৭টি খালি বস্তা জব্দ করেন। পরে ইউএনওর নির্দেশে পুলিশ মিনারাকে আটক করে থানায় নিয়ে যায়। তবে অভিযোগ অস্বীকার করে মিনারা বেগম বলেন, বরাদ্দ পাওয়া চালের মধ্যে তিনি কিছু চাল বিতরণ করেছেন। আর অবশিষ্ট চাল তালিকা তৈরি করে বিতরণের জন্য রেখেছিলেন। প্রতিপক্ষের লোকজন তাকে সামাজিকভাবে হেয় ও তার সুনাম ক্ষুণœ করার জন্য তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ বলেন, ওই ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় ইউপি সদস্য মিনারা বেগমকে আটক করা হয়। তার বিরুদ্ধে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মান্নান বাদী হয়ে দুর্নীতি দমন আইনে ঝিনাইগাতী থানায় মামলা দায়ের করেছেন।
























