স্টাফ রিপোর্টার : শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য হুইপ আতিউর রহমান আতিক বলেছেন, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আতংকিত না হয়ে সামাজিক দূরত্ব বজায় রাখতে সবাইকে ঘরে থাকার নির্দেশ দিয়েছেন। আমরা সবাই ঘরে থাকলেই নিরাপদে থাকতে পারবো। তিনি ১১ এপ্রিল শনিবার দুপুরে শহরের চকবাজার দলীয় কার্যালয়ে শেরপুরের করোনা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় ওইসব কথা বলেন। তিনি আরও বলেন, দেশে খাদ্য সংকট নেই। শেরপুরেও পর্যাপ্ত খাদ্য মজুদ আছে। জেলা প্রশাসন ও জেলা পুলিশ ছাড়াও বিভিন্ন ব্যক্তি, সংগঠন ও দলীয় নেতাকর্মীদের মাধ্যমে কর্মহীন মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। ইতোমধ্যে আমার নির্বাচনী এলাকায় শ্রমজীবী ও নিম্ন আয়ের ৭ হাজার ৫৯৮ জনকে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। মোবাইল ফোন কল পেয়ে ৯৮ জনকে খাদ্যসামগ্রী পেঁছে দেওয়া হয়েছে। প্রত্যেক ইউনিয়নে আড়াইশ’ মানুষকে ব্যক্তিগত তহবিল থেকে ১০ কেজি করে চাল ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। প্রতিটি শ্রমজীবী সংগঠনের মাধ্যমে কর্মহীন শ্রমিকদের খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। এছাড়াও গত ২৫ মার্চ থেকে আমি নিজে এলাকায় এলাকায় গিয়ে ৬৫টি পয়েটে সচেতনতামুলক মাইকিং করেছি। তাই সবার কাছে অনুরোধ, আপনারা ঘরে থাকুন, নিরাপদে থাকুন, বাইরে বের হবেন না। আমার মোবাইল ফোন ২৪ ঘন্টা খোলা। আমার নির্বাচনী এলাকার যে কেউ আমার মোবাইল নম্বরে কল করলে তার বাড়ীতে খাদ্য সহায়তা পোঁছে দেওয়া হবে। মোবাইল কল পেয়ে ৯৮ জনের বাড়ীতে খাদ্যদ্রব্য পৌছে দেওয়া হয়েছে।

হুইপ আতিক বলেন, চলমান ত্রাণ কার্যক্রম ছাড়াও খাদ্যবান্ধব কর্মসূচিতে ২২ হাজার ২২৭ জনকে ৩০ কেজি করে চাল বিতরণ অব্যাহত আছে। ওএমএস কার্যক্রমের আওতায় ১৮ মেট্রিকটন চাল সপ্তাহে ৩দিন প্রতিজনকে ৫ কেজি এবং সাড়ে ৭ মেট্রিকটন আটা প্রতিজনকে ৫ কেজি করে দেওয়া হচ্ছে। এছাড়াও ১৩ হাজার ৬৭৫ জন বয়স্ক ভাতা, ৫ হাজার ২১৫ জন বিধবা ভাতা ও ৪ হাজার ১২৫ জন প্রতিবন্ধীর মাঝে ভাতা বিতরণ অব্যাহত রয়েছে।
তিনি বলেন, করোনায় আক্রান্তদের জন্য জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে। চিকিৎসার জন্য জেলায় ৯২ জন চিকিৎসক ও ১৩৯ জন নার্স প্রস্তুত রয়েছে। পিপিই ১ হাজার ৮২৮ মজুদ রয়েছে। জেলায় করোনা ১৪৯ জন হোম কোয়ান্টোইনের মধ্য থেকে ১৪৮ জন স্বাস্থ্যসনদ নিয়ে বাড়ী ফিরেছেন এবং ১ জন কোয়ারেন্টাইনে রয়েছে। আক্রান্তদের মধ্যে আইসোলেশনে রয়েছেন ৫ জন। মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, উপ-দপ্তর সম্পাদক বিনয় কুমার সাহা, শহর আ’লীগের যুগ্ম সম্পাদক মানিক দত্তসহ জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
https://www.facebook.com/171095556403174/posts/1479198185592898/
























