স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাস সংক্রমণের কারণে পরিবর্তিত পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুশাসন অনুযায়ী শেরপুরে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে খাদ্য অধিদপ্তরের ব্যবস্থাপনায় বিশেষ ওএমএসের চাল ও আটা বিক্রি শুরু হয়েছে। ৫ এপ্রিল রবিবার সকাল ১০ টা থেকে পৌর শহরের ৪,৫,৬,৮ ও ৯নং ওয়ার্ডের মোট ৫টি কেন্দ্রে ওই চাল ও আটা বিক্রি শুরু হয়। এদিন ২ হাজার ৫৭ জনের কাছে মোট ১০ মেট্রিক টন চাল ও ৫ মেট্রিক টন আটা বিক্রয় করা হয়েছে। অন্যদিকে পৌরসভার বাকি ৪টি ওয়ার্ডসহ প্রতিটি উপজেলা সদরে আরও একটি করে কেন্দ্রে আগামী এক সপ্তাহের মধ্যে ওই কর্মসূচির আওতায় চাল ও আটা বিক্রি হবে।

জানা যায়, চলমান করোনা পরিস্থিতিতে কর্মহীন-অসহায় মানুষদের কষ্টের বিবেচনায় ওই বিশেষ ওএমএস কর্মসূচি সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। তবে রিক্সাচালক, ভ্যানচালক, দিনমজুর, পরিবহন শ্রমিক, ফেরীওয়ালা, দোকানদার, ভিক্ষুক, ভবঘুরে ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা অগ্রাধিকার পাবেন। ওই কর্মসূচির আওতায় জনপ্রতি সর্বোচ্চ ৫ কেজি চাল প্রতি কেজি ১০ টাকা হারে ও ৫ কেজি আটা প্রতি কেজি ১৮ টাকা হারে ক্রয় করতে পারবেন। প্রতি রবি, মঙ্গল ও বৃহস্পতিবার ওই কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত চলবে। ক্রয় করার সময় ক্রেতাগণকে অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রেখে (৩ ফুট দূরত্বে) অবস্থান করতে হবে, অন্যথায় তাদের নিকট চাউল ও আটা বিক্রয় করা হবে না।
যে সব জায়গায় বিশেষ ওএমএস কর্মসূচির চাল ও আটা পাওয়া যাচ্ছে :
#৪নং ওয়ার্ড – জিকে পাইলট হাইস্কুল
#৫নং ওয়ার্ড – ডাঃ সেকান্দার আলী কলেজ
#৬নং ওয়ার্ড – মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
#৮নং ওয়ার্ড – মীরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়
#৯নং ওয়ার্ড – নওহাটা জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা
























