স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাস উপসর্গ সন্দেহে শেরপুরে একদিনে ছেলে-মাসহ ৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ২ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে তাদের নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগের লোকজন। ছেলে-মার নমুনা পরীক্ষার জন্য একইদিন বিকেলেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে পাঠানো হয়েছে। অন্য দু’জনের নমুনা পৌঁছবে শুক্রবার। এরা হচ্ছে নকলা উপজেলার ধনাকুশা এলাকায় ছেলে (৩০) ও মা (৫০), সদর উপজেলার যোগিনীমুড়া কান্দাপাড়া এলাকার এক কৃষক (৪৮) ও ঘুঘুরাকান্দি উত্তরপাড়া গ্রামের এক যুবক (২২)। এছাড়া করোনা উপসর্গ সন্দেহে হোম কোয়ারেন্টাইনে থাকা ঝিনাইগাতী উপজেলা প্রাণীসম্পদ বিভাগের এক কর্মকর্তা (৫০) কে পরীক্ষার জন্য বৃহস্পতিবার বিকেলে সরাসরি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ বৃহস্পতিবার সন্ধ্যায় শ্যামলবাংলা২৪ডটকমকে ওই তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, ঢাকায় রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহকারী নকলা সদর ইউনিয়নের ধনাকুশা বাজারসংলগ্ন এলাকার এক যুবক কয়েকদিন আগে বাড়িতে আসার পর গত ৩/৪ দিন ধরে হাঁচি-কাশি ও জ্বরে আক্রান্ত হয়। বুধবার থেকে তার মাও আক্রান্ত হয় হাঁচি-কাশি ও জ্বরে। এ নিয়ে করোনা ভাইরাসের উপসর্গ সন্দেহে এলাকায় গুঞ্জন শুরু হলে খবর পেয়ে উপজেলা প্রশাসনের নির্দেশে বৃহস্পতিবার দুপুরে ওই বাড়িটি লকডাউন করা হয়। এছাড়া ওই বাড়ির আশেপাশের ২০ পরিবারের লোকজনকে ঘর থেকে বের হতে সম্পূর্ণ নিষেধ করা হয়েছে।
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোবারক হোসেন জানান, বৃহস্পতিবার সকালে সর্দি-কাশি ও ঠান্ডা নিয়ে জেলা সদর হাসপাতালে ভর্তি হয় সদর উপজেলার যোগিনীমুড়া কান্দাপাড়া এলাকার এক কৃষক। পরে করোনা ভাইরাসের উপসর্গ সন্দেহে তাকে বিশেষভাবে পৃথক ওয়ার্ডে রাখা হয়েছে। তিনি আরও জানান, একই উপজেলার ঘুঘুরাকান্দি উত্তরপাড়া গ্রামের এক যুবক বাড়িতেই জ্বর ও সর্দি-কাশিতে ভুগছে- এ খবর পেয়ে তারও নমুনা সংগ্রহ করা হয়েছে। সেইসাথে ওই বাড়ির লোকজনের চলাফেরায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
অন্যদিকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ জসিম উদ্দিন জানান, প্রাণীসম্পদ বিভাগের এক কর্মকর্তা প্রায় একই রোগে আক্রান্ত হলে বুধবার রাতে তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। বৃহস্পতিবার অবস্থার পরিবর্তন না হওয়ায় বিকেলে তাকে সরাসরি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে পরীক্ষার ফলাফলের উপর নির্ভর করবে তার শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ রয়েছে কি না।
























