স্টাফ রিপোর্টার ॥ নানা উৎসব-দুর্যোগে সহায়তার ধারাবাহিকতায় এবার করোনাভাইরাসজনিত পরিস্থিতিতে শেরপুরে ২ হাজার কর্মহীন ও অসহায় পরিবারে খাদ্যসহ অন্যান্য সামগ্রী বিতরণ করেছেন আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সাবেক এমপি, জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক এডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী। তিনি ৩১ মার্চ মঙ্গলবার পৌর এলকাসহ সদর উপজেলার ১৪ টি ইউনিয়নে তালিকাভূক্ত অসহায় পরিবারের লোকজনদের হাতে ওইসব সামগ্রী তুলে দেন। ওইসময় তিনি চলমান করোনা পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা মোতাবেক সামাজিক দূরত্ব নিশ্চিতকরণসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং অনিবার্য সমস্যা ছাড়া ঘর থেকে বের না হতে সর্বস্তরের মানুষের প্রতি উদাত্ত আহবান জানান। সেইসাথে তিনি প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কর্মসূচির পাশাপাশি করোনা পরিস্থিতিতে কর্মহীন ও অসহায় হয়ে পড়া হতদরিদ্র মানুষের সেবায় তার সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন।

খাদ্যসামগ্রী বিতরণকালে জেলা যুব মহিলা লীগের আহবায়ক ও জেলা পরিষদ সদস্য এডভোকেট ফারহানা পারভীন মুন্নী, জেলা কৃষক লীগের সম্পাদকমন্ডলীর সদস্য ও জেলা নাগরিক সমাজের নির্বাহী সদস্য মাহবুবুর রহমান লিটন, যুব মহিলা লীগ নেত্রী মাহবুবা রহমান শিমু উপস্থিত ছিলেন।
খাদ্যসামগ্রী বিতরণ সম্পর্কে সাবেক এমপি এডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলীর প্রতিষ্ঠানের কর্মকর্তা ও ‘সাপ্তাহিক শ্যামলী শেরপুর’র ব্যবস্থাপনা সম্পাদক ওমর ফারুক ১ এপ্রিল বুধবার শ্যামলবাংলা২৪ডটকমকে জানান, নানা উৎসব-দুর্যোগের সময়কালের মতো এবার ভয়াবহ করোনাসৃষ্ট পরিস্থিতিতে শেরপুরের কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষদের ভোগান্তির কথা চিন্তা করে সাবেক এমপি এডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলীর তরফ থেকে মঙ্গলবার ও বুধবার দু’দিনে প্রাথমিক পর্যায়ে ২ হাজার পরিবারে খাদ্যসামগ্রীসহ অন্যান্য সহায়তা প্রদান করা হয়েছে। এর মধ্যে ছিল চাল, ডাল, আলু, সাবান ও মাস্ক। এছাড়া অবস্থার আলোকে আরও ওইসব সামগ্রী বিতরণের প্রস্তুতি রয়েছে।
https://www.facebook.com/ShamolBangla24/videos/849081015603412/
























