নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে জ্বর ও শ্বাসকষ্টে মারা যাওয়া নির্মাণ শ্রমিক আব্দুল আওয়াল (৫৮) এর নমুনা পরীক্ষায় তার শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। ১ এপ্রিল বুধবার দুপুরে আইইডিসিআরের রিপোর্টের আলোকে ওই তথ্য নিশ্চিত করেন শেরপুরের সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ। এদিকে ১০ বাড়ির লকডাউন তুলে নেওয়ায় এলাকায় কমেছে ছড়িয়ে পড়া করোনা আতঙ্ক।
এ ব্যাপারে শেরপুরের সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ বলেন, বুধবার আমরা পরীক্ষার ফলাফল হাতে পেয়েছি। আইইডিসিআরের ল্যাবরেটরীর ১০২৮ নং আইডিতে তার সংগৃহীত নমুনা পরীক্ষা করলে ফলাফল নেগেটিভ আসে। অর্থাৎ আব্দুল আওয়াল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাননি, জ্বর-শ্বাসকষ্ট বা অন্য কোন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তাই ওই গ্রামের ১০ বাড়ির লকডাউন তুলে নেয়া হয়েছে।

উল্লেখ্য, স্থানীয়দের ভাষ্যমতে, বাগেরহাটের রামপাল উপজেলায় একটি পাইলিং কনস্ট্রাকশনের নির্মাণ শ্রমিক মৃত আব্দুল আওয়াল আগে থেকেই শ্বাসকষ্টের রোগী ছিলেন। মারা যাওয়ার ৪/৫ দিন আগে ছুটি পেয়ে বাড়িতে এলে তার অসুখ আরও বেড়ে যায়। ওই অবস্থায় সে ২৯ মার্চ রবিবার রাতে নিজ বাড়িতে মারা গেলে এলাকায় করোনা রোগে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। সোমবার সকালে মেডিকেল টিমসহ সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ মৃত ব্যক্তির শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা ভাইরাস সনাক্ত করার জন্য ঢাকার আইইডিসিআরে পাঠান।
























