স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে অঘোষিত লকডাউনে শেরপুরে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে ব্যক্তিগত উদ্যোগে আরও খাদ্যসামগ্রী বিতরণ করেছেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক-১ হুমায়ুন কবীর রুমান। তিনি ৩১ মার্চ মঙ্গলবার রাতের আঁধারে শেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সহায়তায় শহরের মীরগঞ্জ, বারাকপাড়া ও গৌরীপুর এলাকায় প্রায় আড়াই শতাধিক হতদরিদ্র মানুষের বাড়িতে বাড়িতে ওইসব খাদ্যসামগ্রী বিতরণ করেন। বিভিন্ন খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল-ডাল, আটা, লবন-তেল, সাবান ও মাস্ক।
খাদ্যসামগ্রী বিতরণকালে হুমায়ুন কবীর রুমান বলেন, করোনাভাইরাসের কারণে বিভিন্ন প্রতিষ্ঠান ও লোকসমাগম বন্ধ থাকায় নিম্নআয়ের মানুষগুলো কর্ম ও উপার্জনহীন হয়ে পড়েছেন। তাই তাদের পরিবারের জন্য এ খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে প্রতিটি গ্রামে ওইসব খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। করোনাভাইরাসের প্রভাব মোকাবেলায় আমাদের সবাইকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা করোনা যুদ্ধেও বিজয়ী হবো ইনশাআল্লাহ। তিনি সরকারের পাশাপাশি জনপ্রতিনিধি, সুধীসমাজ এবং বিত্তবানদের প্রতি গরীব, কর্মহীন, অসহায় মানুষদের পাশে সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসার আহ্বান জানান।

খাদ্যসামগ্রী বিতরণকালে জেলা পরিষদ চেয়ারম্যানের ছোটবোন স্কুলশিক্ষিকা তাহমিনা বেগম, জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাহী সদস্য নুর-ই আলম চঞ্চল, যুবলীগ নেতা আব্দুল খালেক, উৎসর্গ সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি ও ছাত্রলীগ নেতা মুজিবুর রহমান, কলেজ ছাত্রলীগ নেতা নয়ন তালুকদার, আব্দুল কুদ্দুস মোয়াজ, জহির রায়হান, রিয়াদ, তানভীর আহমেদ পাপ্পু, বিপুল, সুমন, মিঠুন, মোখলেস, আবু হানিফসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
























