স্টাফ রিপোর্টার ॥ করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে শেরপুরে পৌরসভার উদ্যোগে নানা কার্যক্রমের আওতায় এবার হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ৩১ মার্চ মঙ্গলবার বিকেলে শহরের সাতানিপাড়া এলাকায় ওই খাদ্যসামগ্রী বিতরণ করেন পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ৩ কেজি চাল, ১ কেজি আটা, আধা কেজি ডাল, ১ কেজি আলু, সাবান ও মাস্ক। বিতরণকালে পৌর কাউন্সিলর মাহমুদা ইয়াসমিন ডলি, প্রশাসনিক কর্মকর্তা আব্দুল কাদির, পৌর কর্মকর্তা-কর্মচারী সংসদের সভাপতি ফারুক আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন জানান, পৌরসভার নিজস্ব তহবিল থেকে প্রাথমিক পর্যায়ে ৯টি ওয়ার্ডে ১ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে ওই খাদ্য সহায়তা বিতরণ করা হচ্ছে। অবস্থাভেদে পর্যায়ক্রমে তা আরও বাড়ানো হবে। এছাড়া সরকারিভাবে আড়াই টন খাদ্যসামগ্রী পাওয়া গেছে। দ্রুতই তা কর্মহীন হতদরিদ্র মানুষের মাঝে পৌঁছে দেওয়া হবে।
























