স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় জনসচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি এবার শহরে অবাধ জনযাতায়াত ও ভিড় ঠেকাতে মাঠে নেমেছে পুলিশ। ২৪ মার্চ মঙ্গলবার দুপুরে শহরের নিউমার্কেট, নয়ানীবাজার, স্টেডিয়াম মার্কেট ও বিভিন্ন পাবলিক প্লেসসহ গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অভিযান চালায় পুলিশ। এতে নেতৃত্ব দেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম।

জানা যায়, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে জনসচেতনতামূলক প্রচারণার পরও শেরপুর শহরের বিভিন্ন মার্কেট ও পাবলিক প্লেসসহ গুরুত্বপূর্ণ মোড়গুলোতে সাধারণ মানুষের ভিড়সহ যত্রতত্র মানুষের জটলা লেগেই থাকছিল। ওই অবস্থায় স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে মঙ্গলবার দুপুরে শহরে বিশেষ অভিযান চালায় পুলিশ। ওইসময় তারা যেখানেই ৪/৫ জন মানুষকে একত্রে দেখতে পায়, সেখানেই পৌঁছে সচেতনতামূলক কথাবার্তায় তাদেরকে বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। এতে কোন নেতিবাচক প্রভাব পড়েনি।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন শ্যামলবাংলা২৪ডটকমকে বলেন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএমের নির্দেশনায় বিভিন্ন জনগুরুত্বপূর্ণ জায়গায় অভিযান চালিয়ে জনসাধারণকে সচেতন করাসহ বাসায় অবস্থান করতে বলা হয়েছে। পরিস্থিতির আলোকে এ অভিযান শহরে চলমান থাকবে।
এদিকে করোনাভাইরাস সংক্রমণ রোধে জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপার কার্যালয়ের সামনে ও আদালত অঙ্গনে পৃথক দু’টি হাত ধোয়ার ডবল বেসিন বসানো হয়েছে। মঙ্গলবার দুপুরে সাধারণ মানুষকে ওই বেসিন ব্যবহারে উদ্বুদ্ধ করেন অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মাহমুদুল হাসান ফেরদৌস। ওইসময় সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীশ) অবিরত রায় ও কোর্ট ইন্সপেক্টর খন্দকার শহীদুল হকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।























