খোরশেদ আলম, ঝিনাইগাতী (শেরপুর) ॥ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গোবিন্দগঞ্জ-গাজিরখামার রাস্তার কলস নদীর কলসপাড়ে ৪ যুগেও নির্মিত হয়নি ব্রিজ। ফলে এ পথে যাতায়াতকারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
জানা যায়, ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের গোবিন্দগঞ্জ হয়ে শেরপুর সদর উপজেলার গাজীরখামার রাস্তার মাঝখানে কলস নদীর উপর এ ব্রিজটি নির্মাণের দাবি গ্রামবাসীদের দীর্ঘদিনের। বিভিন্ন সময় জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছ থেকে ব্রিজটি নির্মাণের আশ্বাস পাওয়া গেলেও আজও তা বাস্তবায়িত হয়নি। মালিঝিকান্দা ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম তোতা জানান, নদী পার হয়ে এ পথে কলসপাড়, রাজনগর, গাজীরখামার, মালিঝিকান্দা ও বাজিতখিলা ইউনিয়নের হাজার হাজার মানুষ যাতায়াত করে থাকে। এ পথে রাতে-দিনে চলাচল করে মানুষ। কলসপাড় গ্রামের কৃষক আব্দুল মালেক, মুক্তার আলী, আক্তার আলী, কলসপাড় নইমি দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রী জামিলা, আছমাউল হুসনা, সুমাইয়া ও ওহাব আলীসহ আরও অনেকেই জানান, এ নদীর উপর ব্রিজ না থাকায় বর্ষা মৌসুমে নৌকা ও শুষ্ক মৌসুমে বাঁশের সাঁকোই ওইসব গ্রামের মানুষের পারাপারে একমাত্র ভরসা। এতে স্কুল, কলেজের কোমলমতি শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের নদী পারাপারে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বাঁশের সাঁকোতে পারাপার হতে গিয়ে মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। ব্রিজের অভাবে ওই পথে কোন যানবাহন চলাচল করতে পারে না। এলাকায় উৎপাদিত কৃষি পণ্য ও গবাদী পশু পারাপারে কৃষকদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

কলসপাড় ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম জানান, এখানে ব্রিজ নির্মাণের বিষয়ে বিভিন্ন সময় আলোচনা হয়েছে। জনপ্রতিনিধিদের কাছ থেকে আশ্বাসও পাওয়া গেছে। কিন্তু আজও তা বাস্তবায়িত হয়নি। এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, রাস্তার আইডি ও লোকেশন সঠিকভাবে জানা নেই। তাই না জেনে কিছু বলা যাচ্ছে না।

























