শ্যামলবাংলা ডেস্ক : উয়েফা নেশন্স লিগের কারণে এবারের ইউরো চ্যাম্পিয়নশিপের ফরম্যাটেও পরিবর্তন আনা হয়েছে। এই প্রথমবারেরমত ইউরো চ্যাম্পিয়নশিপ নির্দিষ্ট একটি দেশে আয়োজন হবে না। এবারের ইউরোর আয়োজক ১২টি দেশ। যে কারণে ১৯৭৭ সালের পর এই প্রথম কোনো আয়োজক দেশ সরাসরি ইউরোতে খেলার সুযোগ পাচ্ছে না। মার্চ থেকে শুরু হয়েছে উয়েফা ইউরো চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বের বাছাইয়ের পরীক্ষা। এবারই প্রথম ইউরো বাছাই খেলছে কসভো। তাদের নিয়ে বাছাই পর্বে অংশ নিচ্ছে মোট ৫৫টি দেশ। যাদেরকে ভাগ করা হয়েছে ১০ গ্রুপে। এদের মধ্যে চূাড়ান্ত পর্বের জন্য বাছাই করা হবে ২৪টি দলকে।
তবে, ১০ গ্রুপের সেরা ২ দল সরাসরি খেলবে চূড়ান্ত পর্বে। বাকি ৪টি দল নির্ধারণ করা হবে প্লে-অফের মাধ্যমে। আগামী বছর মার্চে অনুষ্ঠিত হবে ইউরো বাছাইয়ের প্লে-অফ।
ইতিমধ্যেই ইউরোর চূড়ান্ত পর্বে নাম লিখে ফেলেছে ১৬টি দেশ। সরাসরি বাছাই পর্ব থেকে আরও ৪টি দেশ চূড়ান্ত হওয়া বাকি আছে। ওই ৪টি দলও নিশ্চিত হয়ে যাবে আগামী কয়েকদিনের মধ্যে।
ইতোমধ্যে কোন ১৬টি দল ইউরো নিশ্চিত করেছে তাদের নাম তুলে ধরা হলো :

‘এ’ গ্রুপ থেকে : ইংল্যান্ড এবং চেক রিপাবলিক।
‘বি’ গ্রুপ থেকে : ইউক্রেন এবং পর্তুগাল।

‘সি’ গ্রুপ থেকে : জার্মানি এবং নেদারল্যান্ডস।
‘ডি’ গ্রুপ থেকে : এখনও নিশ্চিত নয় কেউ। ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ডেনমার্ক। ১৪ পয়েন্ট নিয়ে সুইজারল্যান্ড রয়েছে দ্বিতীয় স্থানে। ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আয়ারল্যান্ড। আগামীকাল আইরিশদের মুখোমুখি হবে শীর্ষে থাকা ডেনমার্ক। ওই ম্যাচটা যদি ড্রও করতে পারে ডেনিসরা, তাহলে ডেনমার্ক এবং সুইজারল্যান্ড- দুই দলই উঠে যাবে চূড়ান্ত পর্বে।
‘ই’ গ্রুপ থেকে : ক্রোয়েশিয়া। ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে ইউরোর চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে বিশ্বকাপের রানারআপরা। ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে হাঙ্গেরি। ১৯ নভেম্বর ওয়েলসের বিপক্ষে জিততে পারলেই কেবল চূড়ান্ত পর্বে উঠতে পারবে তারা। অন্যদিকে গ্যারেথ বেলের দল যদি জিতে যায়, তাহলে তারাও উঠে যেতে পারে চূড়ান্ত পর্বে।
‘এফ’ গ্রুপ থেকে : স্পেন এবং সুইডেন।
‘জি’ গ্রুপ থেকে : পোল্যান্ড এবং অস্ট্রিয়া।
‘এইচ’ গ্রুপ থেকে : ফ্রান্স এবং তুরস্ক।
‘আই’ গ্রুপ থেকে : বেলজিয়াম এবং রাশিয়া।
‘জে’ গ্রুপ থেকে : ইতালি এবং ফিনল্যান্ড।

























