শ্যামলবাংলা ডেস্ক : ৩ মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে আর্জেন্টিনার জার্সিতে মাঠে ফিরেছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার মেসি। ফিরেই জয়ের নায়ক তিনি। শুক্রবার সৌদি আরবে হাইভোল্টেজ প্রীতি ম্যাচে তার দেয়া একমাত্র গোলে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়েছে আর্জেন্টিনা। ম্যাচের পর আর্জেন্টিনা অধিনায়কের বিরুদ্ধে ‘মুখ বন্ধ রাখতে বলার’ অভিযোগ তুলেছেন ব্রাজিল কোচ তিতে। খেলার মধ্যে মেজাজ হারিয়ে তাকে রীতিমতো ধমকই দিয়েছেন মেসি।
গত জুলাইয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিলের কাছে ২-০ গোলে হেরে শিরোপা জয়ের স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল আর্জেন্টিনার। সেই ম্যাচের পর দক্ষিণ আমেরিকান ফুটবলের সর্বোচ্চ সংস্থা কনমেবলকে ‘দুর্নীতিগ্রস্ত’ আখ্যা দেন মেসি। সমালোচনা করেন রেফারিংয়েরও। তারই শাস্তি হিসেবে মেসিকে ৩ মাসের নিষেধাজ্ঞা দিয়েছিল কনমেবল।
নিষেধাজ্ঞার পর ফিরেই গোল করে দলকে জিতিয়েছেন মেসি, তাও আবার ব্রাজিলের বিপক্ষেই। সঙ্গে হারিয়েছেন মেজাজও। ম্যাচের প্রথমার্ধে তিতের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ই হয়েছে মেসির। তিতের দাবি, মেসি তাকে ধমক দিয়ে মুখ বন্ধ রাখতে বলেছিলেন। ওইসময় দেখা গেছে রেফারির কাছে কিছু একটা নিয়ে অভিযোগ করছেন ব্রাজিল কোচ। আর মেসি তার ঠোঁটে আঙুল রেখে কিছু একটা বলছেন।
মেসির সঙ্গে কী কথা হয়েছিল ম্যাচ শেষে নিজের মুখেই তা জানিয়েছেন ব্রাজিল কোচ বলেন, ‘আমি অভিযোগ করছিলাম কারণ মেসি হলুদ কার্ড দেখার মতো কাজ করেছিল। ও আমাকে বলেছিল চুপ থাকতে, আমিও ওকে বলেছি মুখ বন্ধ রাখতে।’ ‘আমি আর বেশিকিছু বলতে চাই না। শক্ত একজন রেফারির প্রয়োজন ছিল, কারণ মেসি চাইবে আপনাকে গ্রাস করতে, সে কার্ড দেখার মতোই কাজ করেছে, আমার অভিযোগ করার যুক্তি আছে।’

























