নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে তৃতীয় শ্রেণিপড়ুয়া সাড়ে ৮ বছর বয়সী এক শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক আজিজুল ইসলাম (১৯) কে গ্রেফতার করেছে পুলিশ। ২৬ অক্টোবর শনিবার সন্ধ্যায় গাজীপুরের টঙ্গী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আজিজুল নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের আন্ধারুপাড়া গ্রামের আলম মিয়ার ছেলে।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বলেন, মামলার এজাহারভূক্ত ৪ আসামিকে গ্রেফতার হয়ে থানা হাজতে আছে। প্রধান আসামী ধর্ষক আজিজুলকে শনিবার সন্ধ্যায় গাজীপুরের টঙ্গী এলাকা থেকে গ্রেফতার করে নালিতাবাড়ী থানায় আনা হচ্ছে। রবিবার সকালে গ্রেফতার ৫ জনকে আদালতে সোপর্দ করা হবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার নালিতাবাড়ী উপজেলার বারোমারী মিশনে তীর্থ উৎসব দেখে শিশুটি আন্ধারুপাড়া এলাকায় তার মামার বাড়িতে রাত্রিযাপন শেষে পরদিন সন্ধ্যায় বাড়ি ফেরার পথে তাকে একা পেয়ে ফাঁকা মাঠের পাশে ধান ক্ষেতে নিয়ে একই গ্রামের পাশর্^বর্তী বাড়ির আলম মিয়ার ছেলে আজিজুল হক জোরপূর্বক ধর্ষণ করে। ওই ঘটনায় ধর্ষিতা শিশুর বাবা বাদী হয়ে নালিতাবাড়ী থানায় আজিজুলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। পরে পুলিশ অভিযান চালিয়ে এজাহারভূক্ত সহযোগী ৪ আসামীকে গ্রেফতার করে। শনিবার জেলা সদর হাসপাতালে ধর্ষিতা শিশুর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়।
























