জাহাঙ্গীর হোসেন, নকলা (শেরপুর) ॥ ‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন উপলক্ষে শেরপুরের নকলায় কমিউনিটি বর্ণাঢ্য র্যালি ও কমিউনিটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ অক্টোবর শনিবার সকালে নকলা থানা ও কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে কমিউনিটি পুলিশিং সদস্য, পুলিশ, ছাত্র-শিক্ষক, সাংবাদিক ও সর্বস্তরের জনতা নিয়ে থানা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে থানা চত্বরে কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ, কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য ইউপি চেয়ারম্যান শামছুর রহমান আবুল, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সূত্রধর প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা পরিষদ সদস্য সামিউল হক মুক্তা। আলোচনা সভায় কমিউনিটি পুলিশিং সদস্য, পুলিশ, ছাত্র-শিক্ষক ও স্থানীয় সাংবাদিকসহ সর্বস্তরের জনতা অংশ গ্রহণ করে।
























