মহৎ আচরণ
রাবিউল ইসলাম

স্কুলেতে চলছে মোদের
টেস্ট পরীক্ষা
তারই মাঝে পেলো একজন
আচরণিক শিক্ষা।
ওবায়দুল স্যার বললেন আমায়
দেখুন একটু এসে
বক্স হারিয়ে ঐ ছেলেটা
বলছে হয়তো মিছে।

কনক নামের সেই ছেলেকে
কারণ জিজ্ঞাসিলাম
বললো আমায় বক্সটা রেখে
টয়লেটেতে গেলাম।
কাজ শেষে ফিরে এসে
বক্সটা দেখি নাই
এডমিট ছিলো বক্সের মধ্যে
এখন কোথায় পাই !
বললাম আমি সত্যি সত্যি
এনেছো তো তুমি ?
সাক্ষী একজন বলে ফেললো
দেখেছি স্যার আমি !
কক্ষের কোণে রাখা ছিলো
তিন চারটি ব্যাগ
একজনকে দায়িত্ব দিলাম
করতে সেসব চেক।
চেক করতেই পাওয়া গেলো
একটা জ্যামিতি বক্স
চিৎকার দিয়ে বললো ‘এটাই’
যেন ধূর্ত ফক্স !
কিন্তু শেষে প্রমাণ হলো
বক্সটা নয়তো তার
কীভাবে যে বক্স বের করি
ভাবছি বারংবার।
নীতি কথার ভীতি দিয়ে
দিলাম একটু ভাষণ
মিনিট দশেক পরে নিলাম
অফিস রুমে আসন।
আসন নিতেই চলে এলো
বক্স হাতে এক বালক
পরিচয়ে জানতে পারলাম
সে এক অটো চালক।
আমায় হাতে ধরিয়ে দিয়ে
বললো এটা কার
মালিক দেখে দয়া করে
পৌঁছে দিবেন স্যার !
টুকু স্যারে বললো তাঁরে
দাঁড়ান একটু ভাই
মহৎ মানুষ আপনি তাইতো
ছবি তুলতে চাই।
পরীক্ষার হলে গিয়ে আবার
বললাম বিবরণ
অটো ড্রাইভার শিখিয়ে গেলো
মহৎ আচরণ।
গাড়িতে ফেলে বাড়িতে এসে
খুঁজেন যারা চোর
এই ঘটনায় তাদের স্বভাব
হয়তো হবে দূর।
লেখাপড়া করলেই শুধু
হয়না শিক্ষালাভ
শিক্ষিত তো সেই জনই
মহৎ যার স্বভাব।


























