স্টাফ রিপোর্টার ॥ শেরপুর জেলায় ব্র্যাকের উদ্যোগে অতিদরিদ্র থেকে উত্তরণ ঘটেছে ৮ হাজার ৮৪১ পরিবারের। ২০১৫ সালে শুরু হওয়া আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রামের আওতায় ২০১৮ সালের ডিসেম্বর পর্যন্ত ওইসব পরিবারের অতিদরিদ্র অবস্থা থেকে আর্থিক সক্ষমতা তৈরী হয়েছে। তারা এখন আত্মকর্মে নিয়োজিত হয়ে স্বাবলম্বী হয়েছে এবং আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ঘটেছে। চলতি বছরও (২০১৯ সালে) জেলার ৫ উপজেলায় আরও ৩ হাজার ২৬০ অতিদরিদ্র পরিবারকে ওই কর্মসূচির অন্তর্ভূক্ত করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক ওই কার্যক্রম বাস্তবায়ন করছে। ১৭ অক্টোবর বৃহস্পতিবার আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবস উপলক্ষে জেলা প্রশাসনের কর্মকর্তারা আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন কর্মসূচির কার্যক্রম সরেজমিন পরিদর্শনকালে এমন তথ্য জানানো হয়। এ উপলক্ষে পরিদর্শন শেষে জেলা ব্র্যাক আঞ্চলিক কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তোফায়েল আহমেদ সদর উপজেলার মাঝপাড়া গ্রামে ব্র্যাকের আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন কর্মসূচির উপকারভোগীদের বাড়ি পরিদর্শন করেন এবং তাদের সঙ্গে বৈঠক করেন। ওইসময় ব্র্যাকের এ কর্মসূচিকে দারিদ্র্য নিরসনে গুরুত্বপূর্ণ উদ্যোগ বলে অভিহিত করেন তিনি বলেন, ‘এসডিজি অর্জনে ব্র্যাকের এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে’। ওইসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, ব্র্যাক জেলা প্রতিনিধি আতাউর রহমানসহ ব্র্যাকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্র্যাক জেলা প্রতিনিধি আতাউর রহমান জানান, ২০০২ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত বাংলাদেশের ৪৭টি জেলায় ২০ লক্ষের বেশি অতিদরিদ্র পরিবার আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রামের আওতায় এসেছেন। যাদের শতকরা ৯৫ ভাগ কর্মসূচি শেষ হয়ে যাওয়ার পর দীর্ঘমেয়াদেও তাদের আর্থ-সামাজিক উন্নয়নের ধারা বজায় রাখতে সক্ষম হয়েছেন।

























