স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের শহরের মধ্যশেরী বাড়ইপাড়া এলাকায় জেলা পরিষদের সহায়তায় দুর্গা ও কালি মন্দির পুনঃনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ১৩ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে ওই ভিত্তিপ্রস্তর ও নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান।
এ উপলক্ষে মন্দিরের সভাপতি ভগীরথ চন্দের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক পৌর প্যানেল মেয়র কাজী মতিউর রহমান মতি, মন্দিরের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ চাকী, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কৃষ্ণ ঘোষ, মানিক নাগ, রনক সিং, বিপুল সরকার, উৎপল নাগ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুশান্ত দাস। ওইসময় মন্দির কমিটির অন্যান্য নেতৃবৃন্দসহ এলাকার হিন্দু ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শহরের মধ্যশেরী বাড়ইপাড়া এলাকার ওই দুর্গা ও কালিমন্দিরটি জরাজীর্ণ অবস্থায় ছিল। গত বছর দুর্গা পূজা পরিদর্শনে গিয়ে জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান মন্দিরটি পাকা করে দেয়ার জন্য ২ লক্ষ টাকা অনুদানের প্রতিশ্রুতি দেন। ওই প্রতিশ্রুতি অনুযায়ী আজ মন্দিরটির নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ওইসময় মন্দিরটির সৌন্দর্য বৃদ্ধির জন্য আরও ১ লক্ষ টাকার অনুদান ঘোষণা করেন তিনি।
























