শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আসাদুল ইসলামকে (২৭) লাঞ্ছিত করেছে ২ যুবক। ৯ সেপ্টেম্বর সোমবার বিকেলে পৌর শহরের থানার পার্শ্বে হাইস্কুলের পিছনের সড়কে ওই ঘটনা ঘটে। ওই ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
লাঞ্ছিত হওয়া উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আসাদুল ইসলাম জানান, সোমবার দুপুরে হাসপাতালে রোগী দেখার সময় মোবাইল ফোনে তাকে সাতানী শ্রীবরদীর শান্তিবাগ এলাকার বাসিন্দা লেডিস টেইলার্সের মালিক লুৎফর রহমানের ছেলে হাসানুজ্জামান খান তার অসুস্থ্য দাদীকে দেখতে বাসায় যেতে বলে। কিন্তু সরকারি ডিউটি থাকায় এবং হাসপাতালে প্রচন্ড রোগীর ভিড় থাকায় তিনি যেতে অপরাগতা প্রকাশ করেন এবং রোগীকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসতে বলেন। ডিউটি শেষে বিকেল পৌণে ৪টার দিকে আসাদুল ইসলাম শেরপুরে বাড়ি যাওয়ার পথে থানার পার্শ্ববর্তী হাইস্কুলের সামনে তার মোটর সাইকেলের গতি রোধ করে হাসানুজ্জামান ও শাহিন মিয়া। পরে তাকে গাড়ী থেকে নামিয়ে হাইস্কুলের পেছনের সড়কে নিয়ে গিয়ে এলোপাথারীভাবে কিল-ঘুষি ও লাথি মেরে লাঞ্ছিত করে। ঘটনাটি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং ওই ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগও দেওয়া হয়েছে।
এ ব্যাপারে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আনোয়ার হোসেন মুঠোফোনে বলেন, আমি ছুটিতে রয়েছি। বিষয়টি আমি শুনেছি। শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) বন্দে আলী মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন তালুকদার বলেন, বিষয়টি আমি শুনেছি। পুলিশও পাঠিয়েছিলাম। তাদের কাছে অভিযোগ চাওয়া হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।























