স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে চুরি হওয়ার ৩দিন পর চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ ২ সহোদর চোরকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে সজিব (২০) ও শাকিল (২৫)। ৩ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
জানা যায়, শ্রীবরদী উপজেলার চরশিমুলচূড়া এলাকার মৃত শাহাদত হোসেনের ছেলে মুশফিকুর রহমান শেরপুর শহরের বটতলা (কালিরবাজার) এলাকার একটি ৪ তলা বিল্ডিংয়ে ভাড়ায় বসবাস করেন। গত ৩১ আগস্ট সকাল ১১টার দিকে মুশফিকুর রহমান তার ব্যবহৃত একটি কালো-লাল রংয়ের ১০০ সিসি ডিসকভার মোটর সাইকেলটি বাসভবনের সিড়ির নিচে রেখে ৪ তলায় যান। পরে দুপুর ১টার দিকে নিচে এসে তিনি দেখেন অজ্ঞাতনামা চোর তালা ভেঙ্গে মোটরসাইকেল চুরি করে নিয়ে গেছে। ওই ঘটনায় মুশফিকুর রহমান থানায় একটি অভিযোগ দায়ের করলে মোটরসাইকেলটি উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। পরে এক অনুসন্ধানে সদর থানার এসআই মাজহার সঙ্গীয় ফোর্সসহ মোটরসাইকেল চোর দলের সদস্য সজীবকে ২ সেপ্টেম্বর গভীর রাতে পৌর শহরের খোয়ারপাড় এলাকা থেকে আটক করেন। পরে তার দেওয়া স্বীকারোক্তিতে সজীবের বড় ভাই শাকিলের শ্বশুরবাড়ি সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের কানাশাখোলা এলাকা থেকে শাকিলকে গ্রেফতার করা হয়। ওইসময় শাকিলের হেফাজত থেকে চুরি হওয়া ডিসকভার মোটর সাইকেলটি উদ্ধার এবং তার কাছ থেকে ৫ গ্রাম হেরোইনও উদ্ধার করা হয়। ওই ঘটনায় শেরপুর সদর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
























