শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ ‘পরিকল্পিত ফল চাষ, যোগাবে পুষ্টিসম্মত খাবার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার সমাপনী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ সেপ্টেম্বর বুধবার বিকেলে উপজেলা কৃষি সম্প্রাসরণ অধিদপ্তরের সেমিনার কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও বন বিভাগ আর এপি ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় অনুষ্ঠিত ফলদ বৃক্ষ মেলার সমাপনী উপলক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজমুল হাছান।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা একেএম শাহজাহান কবীরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ সাইদুর রহমান, এপি ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার মারিও মুক্তি মন্ডল ও প্রোগ্রাম অফিসার হারুনুর রশিদ প্রমূখ। বক্তারা বলেন, তিনদিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলায় প্রদর্শন করা হয় ১১টি স্টল। এসব স্টলে বিক্রি করা হয় বিভিন্ন প্রজাতির দেশী বিদেশী বৃক্ষের চারা। বিগত দিনের তুলনায় এবার চারা বিক্রি বেশি হয়েছে বলেও উল্লেখ করেন বক্তরা। তবে এসব ক্রেতার মধ্যে স্কুল কলেজের ছাত্রছাত্রীর সংখ্যাই বেশি বলেও উল্লেখ করেন তারা। পরে স্টল প্রদর্শনের জন্যে প্রত্যেক স্টল মালিকের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
























