নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যোগে শেরপুরের নকলায় উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনুর্ধ-১৭) উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১ সেপ্টেম্বর রবিবার বিকেলে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ, ইউপি চেয়ারম্যান শওকত হোসেন খান মুকুল, জেলা পরিষদ সদস্য ছামিউল হক মুক্তা প্রমুখ।
আলোচনা শেষে অতিথিবৃন্দ খেলোয়ারদের সাথে শুভেচ্ছা বিনিময় ও খেলার উদ্বোধন ঘোষণা করেন। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, ইউপি চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বত, আনিছুর রহমান সুজা, ফয়েজ মিল্লাত, যুবলীগ নেতা আইয়ুব খান, রফিকুল ইসলামসহ হাজারো খেলাপ্রেমী জনগণ উপস্থিত ছিলেন।

























