স্টাফ রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী ও শোকাবহ আগস্ট উপলক্ষে শেরপুরে জেলা ছাত্রলীগের উদ্যোগে শোকর্যালি ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ আগস্ট শুক্রবার বিকেলে শহরের চকবাজারস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত শোক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি, হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। ওইসময় তিনি বলেন, শিক্ষা, শান্তি, প্রগতির পতাকাবাহী ছাত্রলীগের ইতিহাস সংগ্রাম-লড়াই ও অন্যায়ের বিরুদ্ধে প্রগতির পথে আন্দোলনের ইতিহাস। পচাত্তরের ১৫ আগস্ট স্ব-পরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পরবর্তী সময়ে ওবায়দুল কাদেরের নেতৃত্বে ছাত্রলীগ ঐক্যবদ্ধ হয়েছিল। অনেক জেল-জুলুম ও নিপীড়নের পরও ছাত্রলীগ দমে থাকেনি। ছাত্রলীগের সাহসী অবস্থানের ধারাবাহিকতায় একদিন বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে। আজকে তারই নেতৃত্বে ছাত্রলীগ সারাদেশের ন্যায় শেরপুরেও সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে ঐক্যবদ্ধ রয়েছে। আজকের বিশাল সমাবেশ তারই প্রমাণ। তিনি সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলের কোন বিকল্প নেই। হুইপ আতিক শান্তপ্রিয় শেরপুরকে শান্ত রাখতে সন্ত্রাস নির্মূলে প্রশাসনের নিরপেক্ষ অবস্থান কামনা করে বলেন, পরিস্থিতি বাধ্য করলে দলীয় নেতা-কর্মীসহ সকলকে নিয়ে সন্ত্রাসবিরোধী সমাবেশের ডাক দেওয়া হবে। অন্যদিকে তিনি দলের ভেতর ঢুকে যাওয়া হাইব্রিড নেতাদের সম্পর্কে সজাগ ও সতর্ক থাকার জন্য নেতা-কর্মীদের প্রতি আহবান জানান।
জেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব হাসান শাকিলের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রূপক প্রমুখ। সভা সঞ্চালনা করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা। অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে শাহাদাত বরণকারী সকল শহীদ এবং একাত্তরের মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ শহীদদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এর আগে হুইপ আতিকের নেতৃত্বে একটি বিশাল শোক র্যালি শেরপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট মজদুল হক মিনু, ফখরুল মজিদ খোকন, সাংগঠনিক সম্পাদক বশিরুল ইসলাম শেলু, চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব আসাদুজ্জামান রওশন, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব দুলাল মিয়া, সাংস্কৃতিক সম্পাদক আনিসুর রহমান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামীম হোসেন, সদস্য আবুল হাসেম, অধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, অধ্যক্ষ গোলাম হাসান সুজন, শহর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবুল কাশেম জিপি, সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জেলা শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি সিবিএ নেতা জাকির হোসেন বাবুল, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসরিন রহমান, হুইপ কন্যা ডাঃ শারমিন রহমান অমি, জেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব হাসান শাকিল, সাবেক সভাপতি জুনায়েদ নুরানী মনি, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজাসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

























