স্টাফ রিপোর্টার ॥ স্বাধীন বাংলার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শেরপুরে জেলা যুব মহিলা লীগের উদ্যোগে শোক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১৫ আগস্ট বৃহস্পতিবার সকালে শহরের বটতলা যুব মহিলা লীগের অস্থায়ী কার্যালয়ে দলীয় ও কালো পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারণ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। এরপর সেখান থেকে সাবেক সংসদ সদস্য এডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী ও এডভোকেট ফারহানা পারভীন মুন্নীর নেতৃত্বে এক শোক র্যালি শহরের প্রধান প্রধান প্রদক্ষিণ করে জেলা কালেক্টরেট ভবন অঙ্গনে গিয়ে শেষ হয়। পরে তারা সেখানে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
দুপুরে দলীয় কার্যালয়ে জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক এডভোকেট ফারহানা পারভীন মুন্নীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক এমপি এডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী। ওইসময় তিনি বলেন, পচাত্তরের ১৫ আগস্ট কালরাতে খুনী ঘাতকচক্র জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করে তার আদর্শ ও চেতনাকে চিরতরে মুছে ফেলার চক্রান্ত করেছিল। কিন্তু তাদের সেই স্বপ্ন পূরণ হয়নি। বরং বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্ন আজ তারই সুযোগ্য তনয়া শেখ হাসিনার নেতৃত্বে বাস্তবায়িত হচ্ছে। তিনি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় শেখ হাসিনার নিরন্তর প্রচেষ্টায় দলীয় নেতা-কর্মীদের সক্রিয় অংশগ্রহণের জন্য উদাত্ত আহবান জানান।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুব মহিলা লীগের নেত্রী মাহবুবা রহমান শিমু, মুনমুন চৌধুরী, লাভলী আক্তার, মাহমুদা আক্তার, নাজমা আক্তার প্রমুখ। অনুষ্ঠানে যুব মহিলা লীগের জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড শাখার নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নারী উপস্থিত ছিলেন। পরে দলীয় নেতা-কর্মীসহ গরিব-অসহায় ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এছাড়া শহরের হরিজন পল্লী ও আদিবাসীদের মাঝেও পৃথকভাবে খাবার বিতরণ করা হয়।























