স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে অস্ত্রসহ ৩ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। ৮ আগস্ট বৃহস্পতিবার গভীর রাতে সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের খুনুয়া লোহার ব্রিজ থেকে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে চরজঙ্গলদি গ্রামের আয়নাল হকের ছেলে রাসেল মিয়া (১৯), একই গ্রামের এনামুল হকের ছেলে রোকনুজ্জামান রোকন (১৯) ও খোরশেদ আলীর ছেলে সজীব মিয়া (২২)। শুক্রবার বিকেলে ৭ দিনের পুলিশ রিমা-ের আবেদনসহ গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার রাত ২টার দিকে ওই ৩ ডাকাতসহ আরও কয়েকজন ফালা, টোটা, চাইনিজ চাকু ও ক্ষুরসহ ডাকাতির প্রস্তুতি নিয়ে লোহার ব্রিজে অবস্থান নেয়। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমানের নেতৃত্বে এসআই হাসিবুল হাসান ও এসআই নুরুল ইসলামসহ একটি দল ব্রিজ এলাকা ঘিরে ফেলে। পরে ডাকাত দল দৌড়ে পালানোর চেষ্টা করলে ৩জনকে আটক করা হয়। ওইসময় তাদের কাছ থেকে ৫টি ধারালো ফালা, ১০টি টোটা (এককাইল্লা) একটি চাইনিজ চাকু ও ক্ষুর উদ্ধার করা হয়।
এ ব্যাপারে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান বলেন, ওই ঘটনায় এসআই হাসিবুল হাসান বাদী হয়ে গ্রেফতারকৃত ৩জনসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাতদলের সদস্য। তাদেরকে ৭ দিনের পুলিশ রিমা-ের আবেদনসহ গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
























