স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ডেঙ্গুর প্রকোপ হ্রাসকল্পে সারা জেলায় একযোগে পরিচ্ছন্নতা অভিযানের ক্রাশ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। ৭ আগস্ট বুধবার সকালে জেলা কালেক্টরেট ভবন অঙ্গণে ওই অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। ওইসময় তিনি বলেন, ডেঙ্গুর প্রকোপ ছড়িয়ে পড়েছে। এখানে সতর্কতা ছাড়া কোন উপায় নেই। কারণ শুধু পৌরসভা বা কিছু সংগঠনের কার্যক্রমের মাধ্যমে সেটি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এজন্য আমাদের সচেতন হওয়া প্রয়োজন। এই সচেতনতার অংশ হিসেবে পুরো জেলায় এই ক্রাশ প্রোগ্রাম করা হচ্ছে। এই কার্যক্রম চলমান থাকবে। আমরা নিজেদের যেমন পরিচ্ছন্ন রাখি, তেমনি আশেপাশের পরিবেশকেও পরিচ্ছন্ন রাখতে হবে। যাতে রোগবালাই ছড়াতে না পারে এবং আর কোন প্রাণহানি না ঘটে।
পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নমিতা দে, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তোফায়েল আহমেদ, পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, জেলা বিএমএ সভাপতি এমএ বারেক তোতা, সাধারণ সম্পাদক ডাঃ নাদিম হাসান, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হারুনুর রশিদ, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামছুন্নাহার কামাল, জেলা মানবাধিকার কমিশনের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, জেলা রেড ক্রিসেন্টের উপ-পরিচালক হায়দার আলী, শেরপুর উইমেন্স চেম্বার অব কমার্সের সভাপতি মনিজা মাসুদ, পৌর লেডিস ক্লাবের সভাপতি শাহিনা আক্তার পারভীন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসরিন রহমান, জনউদ্যোগের আহবায়ক আবুল কালাম আজাদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, জেলা মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক আইরিন পারভীনসহ জেলা স্কাউটস, বিডিক্লিন, রক্তসৈনিক শেরপুরসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা-কর্মীরা অংশ গ্রহণ করেন।
এরপর ডিসি উদ্যানে দা হাতে আগাছা কেটে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। পরে কালেক্টরেট চত্ত্বরসহ শহরের বটতলা মোড়, জেলা সদর হাসপাতাল চত্ত্বর, থানামোড়, নিউমার্কেট, চকবাজার, গোয়ালপট্টি মোড়, খরমপুর মোড়, খোয়ারপাড় এলাকায় পৃথক পৃথক টিম পরিচ্ছন্নতা অভিযান চালায়।
এদিকে ডেঙ্গু প্রতিরোধে জেলা আইনজীবী সমিতির তরফ থেকে সমিতির ভবন অঙ্গনসহ আদালত অঙ্গনে পৃথক পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালিত হয়। এতে জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী ও সাধারণ সম্পাদক এডভোকেট তারিকুল ইসলাম ভাসানীসহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যগণ অংশ নেন।

























