শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে বৈদ্যুতিক পাখার সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে লাভলু মিয়া (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ৪ আগস্ট রবিবার দুপুরে উপজেলার ভায়াডাঙ্গা কালাপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। মৃত লাভলু মিয়া স্থানীয় গোলাম মোস্তুফা ওরফে ফকির মোস্তুফার ছেলে।
মৃতের পরিবার সূত্রে জানা যায়, লাভলু মিয়া ঢাকায় রাজমিস্ত্রির কাজ করে। গত শনিবার সে ঢাকা থেকে বাড়ি আসে। রবিবার বাজার থেকে সে একটি বৈদ্যুতিক পাখা ক্রয় করে বাড়িতে নিয়ে তার বসত ঘরে নিজেই ওই বৈদ্যুতিক পাখা সংযোগ দিতে গেলে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়। পরে আশপাশের লোকজন তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আনোয়ার হোসেন বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই লাভলু মিয়া মারা গেছেন। শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
























