স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে আদালত ভবনে প্রবেশকালে চাকুসহ চাঁন মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ৪ আগস্ট রবিবার সকালে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের মূল প্রবেশপথে বিচারপ্রার্থী লোকজনকে তল্লাশীকালে তাকে ওই চাকুসহ আটক করে কর্তব্যরত পুলিশ। আটক চাঁন মিয়া শ্রীবরদী উপজেলার গিলাগাছা গ্রামের আবু বকরের ছেলে এবং পেশায় একজন কাঠমিস্ত্রি।
জানা যায়, সম্প্রতি কুমিল্লা আদালতে এক আসামির ছুরিকাঘাতে অন্য আসামি খুনের ঘটনার পর থেকে সারাদেশের ন্যায় শেরপুর আদালতেও জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে তিন তলাবিশিষ্ট চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের মূল প্রবেশপথে তল্লাশীকালে চাঁন মিয়ার হাতে থাকা একটি ব্যাগে কাঠের বাটযুক্ত আনুমানিক ৬ ইঞ্চি লম্বা একটি চাকু পাওয়ায় তাকে সাথে সাথে আটক করে কর্তব্যরত পুলিশের লোকজন। ওইসময় চাঁন মিয়া দাবি করেন, ঈদুল আজহাকে সামনে রেখে গরুর চামড়া ছাড়ানোর কাজে ব্যবহারের জন্য নিজের ওই চাকুটি তিনি শান দিতে শহরে এনেছিলেন। কিন্তু আজ তার দায়ের করা একটি দেওয়ানী মামলার তারিখ থাকায় তিনি ওই ভবনে প্রবেশ করছিলেন। একই কথা জানিয়ে তার আইনজীবী আব্দুল জব্বার বলেন, চাকুটি শান দেওয়ার জন্য আনলেও সেটি নিয়ে আদালতে যাওয়া উচিত হয়নি। তবে ওই লোক পেশায় একজন দরিদ্র কাঠমিস্ত্রি এবং তিনি বাড়ি বাড়ি গিয়ে কাজ করে জীবিকা নির্বাহ করেন।
কোর্ট ইন্সপেক্টর খন্দকার শহীদুল হক ওই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চাকুসহ আটক হওয়া ব্যক্তিকে সদর থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। চাকুটিও জব্দ করা হয়েছে।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, আদালতে প্রবেশপথে চাকুসহ আটক হওয়া ব্যক্তিকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে উর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
























