শ্যামলবাংলা ডেস্ক : শেরপুরের নালিতাবাড়ী থেকে প্রকাশিত সাপ্তাহিক বাংলারকাগজ ও বাংলারকাগজটুয়েন্টিফোরডটকম’র প্রকাশক-সম্পাদক এবং সি বাংলা টিভি’র চেয়ারম্যান মনিরুল ইসলাম মনিরের বিরুদ্ধে মিথ্যাচারে তৎপর হয়ে উঠেছে স্থানীয় একটি সংঘবদ্ধ চক্র। সম্প্রতি পুলিশের মাদকবিরোধী তৎপরতায় সহযোগিতার অভিযোগ তুলে স্থানীয় একটি মাদক কারবারী চক্র ওই মিথ্যাচারসহ ষড়যন্ত্রে নেমেছে। আর তাদের ওই অপতৎপরতায় উৎসাহ দিচ্ছে স্থানীয় প্রভাবশালীদের একটি অংশ- এমন অভিযোগ বাংলার কাগজ পরিবারের।
বাংলার কাগজ পরিবারের দেওয়া তথ্যমতে, গত জুন উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় সাংবাদিক মনিরুল ইসলাম মনির মাদকবিরোধী বক্তব্য তুলে ধরে আইন-শৃঙ্খলায় নিয়োজিত বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেন। এর পরপরই অনলাইন নিউজপোর্টাল বাংলারকাগজটুয়েন্টিফোরডটকম ও কয়েকদিন পর সাপ্তাহিক বাংলার কাগজ-এ ওই বিষয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। ফলে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীর তৎপরতা আগের চেয়ে বেড়ে যায়। যে কারণে গত ২৯ জুন রাতে চিরুণী অভিযান চালিয়ে এক রাতেই গ্রেফতার করা হয় ১১জনকে।
এদিকে একের পর এক মাদক কারবারীরা গ্রেফতার হতে শুরু করলে সংশ্লিষ্ট কিছু মাদক কারবারী বাংলারকাগজ সম্পাদক মনিরের বিরুদ্ধে ষড়যন্ত্রে নামে। শুধু তাই নয়, পুলিশি তৎপরতায় নিজেদের মাদক ব্যবসায় বিঘœ ঘটায় চক্রটি সাংবাদিক মনিরের সামাজিক ও পারিবারিক ইমেজ ক্ষুন্নের অপচেষ্টার পাশাপাশি নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত হয়।
এ বিষয়ে সাংবাদিক মনির জানান, মাদক কারবারীর সাথে সম্পৃক্ত এবং প্রভাবশালীদের ছত্রছায়ায় থাকা একাধিক যুবক সংঘবদ্ধ ও পরিকল্পিতভাবে আমার ও আমার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমি তাদের ওইসব অপতৎপরতার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিচ্ছি। পাশাপাশি সকলকে অপপ্রচার সম্পর্কে সজাগ থেকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি।
বিষয়টি সম্পর্কে সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলম বলেন, মাদক কারবারীদের বিষয়ে আমরা নিয়মিত খোঁজ রাখছি। তথ্য-প্রমাণ পেলে অবশ্যই তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। পাশাপাশি সাংবাদিক মনিরের বিরুদ্ধে অপপ্রচার নিয়ে তিনি আইনগত সহায়তার আশ্বাসসহ অভিযোগ দায়ের করতে পরামর্শ দেন।
























