নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ প্রবল বর্ষণ ও বন্যার কারণে ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনের কবলে পড়ে হুমকির মুখে পড়েছে নকলা উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের দক্ষিন নারায়ণখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ শতাধিক পরিবারের বসতবাড়ি। নতুন করে ভাঙন দেখা দিলে যে কোন সময় স্কুলটি নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে।
জানা যায়, ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধির কারণে সৃষ্ট বন্যায় নকলা উপজেলার বাছুর আলগা, চকবড়ইগাছি, চরমধুয়া, রেহারচর, চরমধুয়া নামা পাড়া, দধিয়ারচর, দেবুয়ারচর, শিকদারপাড়া, আদর্শ গুচ্ছগ্রাম ও নারায়ণখোলা দক্ষিণসহ প্রায় ২০টি গ্রামের কয়েক হাজার পরিবারের বাড়িঘর পানিতে তলিয়ে গেছে। দক্ষিণ নারায়ণখোলা গ্রামের শতাধিক পরিবার ঝুকির মুখে আতঙ্ক নিয়ে দিনাতিপাত করছেন। অপর দিকে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক গাছপালা ও ফসলাবাদ। হাইস্কুল, মাদরাসা ও প্রাথমিক বিদ্যালয়সহ ৯টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
এদিকে শনিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন। রবিবার সকাল থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
























