স্টাফ রিপোর্টার ॥ অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারসহ তালিকাভূক্ত সন্ত্রাসীদের গ্রেফতারে শেরপুরে পুলিশের ব্লক রেইড চলছে। ২৭ জুন বৃহস্পতিবার থেকে শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমের তত্ত্বাবধানে জেলার বিভিন্ন এলাকায় ওই ব্লক রেইড শুরু হয়েছে। ওই ব্লক রেইড চলবে আগামী এক মাসব্যাপী।
২৮ জুন শুক্রবার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলামের নেতৃত্বে শহরের রাজবল্লভপুর, নাগপাড়া, পুরাতন গরুহাটি এলাকাসহ বিভিন্ন জায়গায় ব্লক রেইড চালানো হয়। শুক্রবার বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত টানা ২ ঘন্টাব্যাপী ওই অভিযানকালে রাজবল্লভপুর এলাকায় কয়েকটি মেস ও ছাত্রাবাসে তল্লাশী ও ভাড়াটিয়াদের জিজ্ঞাসাবাদ করা হয়। সেইসাথে ভাড়াটিয়াদের ন্যাশনাল আইডি কার্ড ও দায়িত্বশীল আত্মীয়-স্বজনের যোগাযোগ ঠিকানা সংরক্ষণের জন্য বাড়ির মালিকদের সচেতন করা হয়। এছাড়া ওইসব এলাকার রাস্তার মোড়ে মোড়ে যাতায়াতকারী যানবাহনসহ জনসাধারণকে তল্লাশী করা হয়। ওইসময় অন্যান্যের মধ্যে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আলমগীর হোসেন, বেশ কয়েকজন এসআইসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য অংশ নেন।
এদিকে বৃহস্পতিবার রাতে ঝিনাইগাতী উপজেলাতেও ব্লক রেইড শুরু হয়েছে। থানা এলাকায় ওই অভিযানের উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন। ওইসময় সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলম, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর ছিদ্দিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে ওই এলাকার চারপাশের বিভিন্ন মহল্লায় তল্লাশী চালানো হয়।























