স্টাফ রিপোর্টার ॥ শেরপুর পৌরসভার পূর্বশেরী মহল্লায় পূর্বশেরী গোরস্থান সংলগ্ন জামে মসজিদের তিনতলা ভবনের পুনঃনির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। ২৮ জুন শুক্রবার জুম্মার নামাজের পর মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান। ওইসময় তিনি বলেন, আমি মেয়র থাকাকালীন সময়েও আপনাদের পাশে থেকেছি, এখনও আপনাদের পাশে আছি, ভবিষ্যতেও আপনাদের পাশে থাকবো। মসজিদটি পুনঃনির্মাণ কাজ যেন দ্রুত শেষ করা যায় সেজন্য তিনি জেলা পরিষদের পাশাপাশি শেরপুরের দানশীল ব্যক্তিদের এগিয়ে আসতেও আহবান জানান।
এ উপলক্ষে নামাজ বাদে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন মসজিদ পুনঃনির্মাণ কমিটির সভাপতি, শেরপুর মেমোরিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, শেরপুর জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা সিদ্দিক আহমেদ, বয়ড়া পরানপুর আশরাফুল উলুম কওমী মাদ্রাসার মোহতামিম মোঃ মিরাজুল ইসলাম, সাবেক পৌর কাউন্সিলর হারুন জিলানী, ব্যবসায়ী হেলাল উদ্দিন, জাহাঙ্গীর আলম প্রমুখ।
জানা যায়, এলাকায় দিন দিন মুসল্লী সংখ্যা বৃদ্ধির কারণে বর্তমান মসজিদটির একতলা ভবনে মুসল্লীদের নামাজের জায়গার সংকুলান না হওয়ায় নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু স্থানীয় মুসল্লীদের আর্থিক সহায়তায় কাজটি শুরু করা দুরূহ হয়ে পড়লে জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান সহযোগিতার হাত বাড়ান।























