শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে অগ্নিকাণ্ডে ৪টি বসতঘর পুড়ে ভস্মিভূত হয়েছে। ২৩ জুন রবিবার মধ্যরাতে উপজেলার সদর ইউনিয়নের মামদামারী নয়াপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে।
জানা যায়, রবিবার রাত ১টার দিকে শ্রীবরদী উপজেলার মামদামারী নয়াপাড়া গ্রামের মোস্তফার ছেলে সাইদুর রহমানের বসত ঘরের বৈদ্যতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে সাইদুর রহমানের ২টি টিনের চৌচালা ঘর, সাইদুরের বাবা মোস্তফার টিনের ঘর ও পার্শ্ববর্তী ছাবেদ আলীর টিনের ঘর ও ঘরে থাকা ধান, চাল, নগদ টাকা, আসবাবপত্রসহ যাবতীয় কাপড়-চোপড় ভস্মিভুত হয়। খবর পেয়ে শ্রীবরদী ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নেয়।
এ ব্যাপারে ফায়ার সার্ভিসের টিম লিডার সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ৮ জন কর্মী নিয়ে ঘটনাস্থলে গিয়ে আধা ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হই এবং ১ ঘন্টার মধ্যে সম্পূর্ণরূপে আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি বলেন, এতে প্রায় আড়াই লক্ষ টাকার মতো ক্ষয়-ক্ষতি হয়েছে।























