স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে বৈদ্যুতিক মোটরে তার সংযোগ দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে হ্যাপি (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ২৩ জুন রবিবার সকালে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের সন্ন্যাসীরচর গ্রামে ওই ঘটনা ঘটে। হ্যাপি স্থানীয় মুক্তিযোদ্ধা ভূট্টো মন্ডলের ছেলে।
কামারেরচর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব জানান, রবিবার সকাল ৯টার দিকে হ্যাপি তার এক বন্ধুর বাড়িতে একটি নতুন বৈদ্যুতিক মোটরে বিদ্যুতের তার লাগাতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় হ্যাপিকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
























