স্টাফ রিপোর্টার ॥ গভীর শ্রদ্ধা-ভালোবাসায় সিক্ত হয়ে বিদায় নিলেন শেরপুরের প্রথিতযশা প্রবীণ আইনজীবী এডভোকেট শওকত হোসেন (৭৭)। বৃহস্পতিবার সকালে তার লাশ রাজধানী ঢাকা থেকে শহরের চকপাঠকস্থ বাসায় নিয়ে আসা হলে সেখানে আত্মীয়-স্বজনদের পাশাপাশি আইনজীবী শুভানুধ্যায়ীরা ছুটে যান তাকে শেষ বারের মতো একনজর দেখতে।
এরপর বেলা ১১টায় কর্মস্থল জেলা আইনজীবী সমিতির ভবন অঙ্গনে তার লাশ নিয়ে যাওয়া হলে সেখানে সমিতির তরফ থেকে তাকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। ওইসময় জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসীর সভাপতিত্বে এক শ্রদ্ধা নিবেদন সভায় মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সাবেক সভাপতি এডভোকেট চন্দন কুমার পাল পিপি ও এডভোকেট রফিকুল ইসলাম আধার, সিনিয়র আইনজীবী ও মরহুমের বন্ধু এডভোকেট নিতাই লাল হোড়, এডভোকেট আব্দুল কাদের খান ও এডভোকেট এটিএম জাকির হোসেন, এডভোকেট মুহাম্মদ আখতারুজ্জামান, জেলা জজ আদালতের জিপি এডভোকেট আবুল কাশেম, স্পেশাল পিপি এডভোকেট গোলাম কিবরিয়া বুলু, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট ইমাম হোসেন ঠান্ডু, এডভোকেট এমকে মুরাদুজ্জামান ও এডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব প্রমুখ। সভা পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট তারিকুল ইসলাম ভাসানী। আইনজীবী নেতারা বলেন, এডভোকেট শওকত হোসেন ছিলেন একজন পরিচ্ছন্ন ও মেধাবী আইনজীবী। তিনি কোনদিনই মোকদ্দমা সংক্রান্ত বিষয়ে যেনতেনভাবে আয়-রোজগারে অভ্যস্ত ছিলেন না। ক্লায়েন্টদের স্বার্থকেই সবসময় প্রাধান্য দিতেন। যে কারণে কাগজপত্র অনুযায়ী জেতার সম্ভাবনা নেই, এমন মামলা তিনি গ্রহণই করতেন না। তিনি নিজের মেধা, দক্ষতা ও সুনাম দিয়ে শেরপুর বারকে সমৃদ্ধ করে তুলেছেন। তাই তার মৃত্যুতে বারের অপূরণীয় ক্ষতি হল, যা কখনোই পূরণ করা সম্ভব নয়।
পরে দুপুর সাড়ে ১২টায় মরহুমের মৃত্যুতে সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মুজিবুর রহমানের সভাপতিত্বে তার আদালতে ফুল কোর্ট রেভারেন্স অনুষ্ঠিত হয়। ওইসময় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ আখতারুজ্জামান ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দাসসহ অন্যান্য বিচারকরা উপস্থিত ছিলেন। জেলা আইনজীবী সমিতির সভাপতির পরিচালনায় রেভারেন্স অনুষ্ঠানে সকল আইনজীবীরা অংশ নেন।
বাদ আছর শহরের তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। ওইসময় মরহুমের স্মৃতিচারণ করেন পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন, আইনজীবী সমিতির সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিশিষ্ট নাগরিকগণ। পরে চাপাতলী পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।
উল্লেখ্য, এডভোকেট শওকত হোসেন হৃদরোগসহ নানা রোগে আক্রান্ত হয়ে ১৯ জুন বুধবার দুপুরে রাজধানী ঢাকার সিএমএইচে ইন্তেকাল করেন।
























