স্টাফ রিপোর্টার ॥ ‘আসুন বায়ুদূষণ রোধ করি’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ২০ জুন বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা কালেক্টরেট চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিলের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল নোমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন এনডিসি মেজবাউল আলম ভুইয়া। ওই সময় অন্যান্যের মধ্যে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উপ-পরিচালক হায়দার আলী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আসলাম খান, জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক নয়ন কুমার রায়, প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, মানুষের জীবনের সঙ্গে পরিবেশের সম্পর্ক অবিচ্ছেদ্য। সারাবিশ্বে বর্ধিত জনসংখ্যার চাপ, দ্রুত নগরায়ন, মাটি, পানি ও বায়ু দূষণের কারণে ভারসাম্য হারাচ্ছে পরিবেশ। পরিবেশ দূষণ রোধে সকলকে একত্রে কাজ করার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে।
পরে শিশুদের মাঝে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে সনদপত্র ও চারাগাছ বিতরণ করেন অতিথিরা।
























