স্টাফ রিপোর্টার ॥ উন্নত প্রযুক্তিনির্ভর পাট-পাটবীজ উৎপাদন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় শেরপুরে পাট চাষীদের দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুন বুধবার সকালে সদর উপজেলা পরিষদ সভাকক্ষে দিনব্যাপী ওই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মাহমুদ। পাট চাষীদের উন্নত প্রযুক্তিনির্ভর পাট বীজ ব্যবহারের আধুনিক কলাকৌশল, উন্নত পদ্ধতিতে চাষাবাদ ও আশ ছাড়ানোর বিষয়ে ধারণা দেওয়াই ছিল ওই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য।
জেলা খামারবাড়ির উপ-পরিচালক কৃষিবিদ আশরাফ উদ্দিনের সভাপতিত্বে ওই প্রশিক্ষণে মূল বক্তব্য উপস্থাপন করেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ আইয়ুব আলী। ওইসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা পিকন কুমার সাহা, কামারেরচর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব ও চরশেরপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন সুরুজ। চলতি মৌসুমের প্রথম ধাপে অনুষ্ঠিত ওই প্রশিক্ষণে সদর উপজেলার ৭৫ জন নির্বাচিত কৃষক অংশ নেন।
পাট উন্নয়ন অফিস সূত্র জানায়, চলতি মৌসুমে জেলা সদর, নকলা ও শ্রীবরদী উপজেলার ৪৫০ জন চাষীকে ওই প্রশিক্ষণ কর্মশালার আওতায় নেওয়া হয়েছে। প্রশিক্ষণের পর তাদেরকে বিনামূল্যে বীজ ও সার দেওয়া হবে। এছাড়া আগামী মৌসুমে ৩টি উপজেলায় ৯ হাজার পাট চাষীকে বিনামূল্যে বীজ ও সার দেওয়া হবে। পাট চাষের সোনালী দিন ফিরিয়ে আনতে পাট চাষের প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে চাষীদের উদ্বুদ্ধ করা হচ্ছে।

























