স্টাফ রিপোর্টার ॥ প্রস্তাবিত বাজেটে বিড়ি শিল্পের উপর অধিক করারোপ প্রত্যাহারের দাবিতে শেরপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৭ জুন সোমবার বিকেলে শহরের নারায়ণপুরস্থ রশিদা বিড়ির ফ্যাক্টরি মিলনায়তনে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন জেলা বিড়ি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক লুৎফর রহমান ঠান্ডা।
লিখিত বক্তব্যে দাবি করা হয়, ২০১৯-২০ অর্থবছরের বাজেটে বিড়ির উপর অযৌক্তিকভাবে প্রতিযোগী কমদামী সিগারেটের চেয়ে ৪ গুণ বেশি শুল্ক নির্ধারণ করায় আবারও বিড়ি ফ্যাক্টরিগুলো বন্ধের উপক্রম হবে। প্রস্তাবিত বাজেটে বিড়িতে ২৪.২০ শতাংশ শুল্ক বৃদ্ধি করা হলেও কমদামী সিগারেটে ৫.৭১ শতাংশ শুল্ক বৃদ্ধি করা হয়েছে। বিড়ি ও সিগারেটে কর নির্ধারণে বৈষম্য চরম অমানবিক। এজন্য বিড়ি শ্রমিক ফেডারেশনের উদ্যোগে সারাদেশের ন্যায় মঙ্গলবার সকালে শেরপুর জেলা শহরেও মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন কেন্দ্রীয় বিড়ি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন। এতে সাংবাদিকদের তরফ থেকে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন প্রমুখ। ওইসময় রশিদা বিড়ি ফ্যাক্টরির জিএম জাহাঙ্গীর আলম, এজিএম মোখলেসুর রহমান রিপনসহ স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।























